‘সাকিব ফর্মে না ফিরলে অন্যদের দায়িত্ব নিতে হবে’

প্র্যাকটিসে তামিম-ইমরুলের সঙ্গে সাকিবচ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচ ভালো কাটে নি সাকিব আল হাসানের। এর আগে ভারত-পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ আর আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজেও চেনা ছন্দে দেখা যায় নি বিশ্বসেরা অলরাউন্ডারকে। এ নিয়ে মাশরাফি বিন মুর্তজাও বেশ চিন্তিত। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, সাকিব ফর্মে না ফিরলে অন্যদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।

সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ টাইগারদের। তার আগে সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে মাশরাফির মন্তব্য, ‘গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে তারকারা যে ফর্মে থাকবে এটা তো দল সব সময়ই চায়। সাকিবের খারাপ খেলা মানে দলের জন্য দুঃসংবাদ। তবে সে নিজের লেভেলে খেলতে না পারলে অন্যদের অবদান রাখতে হবে।’

দুঃসময়ের ভেতর দিয়ে যাওয়া সাকিবের ওপর পূর্ণ আস্থা আছে মাশরাফির, ‘সাকিব সব সময়ই দলে অবদান রাখে। তবে কারও পক্ষে সব সময় নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। ইংল্যান্ডের বিপক্ষে সাকিব অনেক চেষ্টা করলেও ভালো খেলতে পারে নি। এটা হতেই পারে। একটা দলের সেরা খেলোয়াড় সব সময় একই ফর্মে খেলে যাবে এটা কখনোই সম্ভব নয়!’

/আরআই/এএআর/