গাজী ক্রিকেটার্সের ঘরে শিরোপার আনন্দ

গাজী গ্রুপ ক্রিকেটার্সের শিরোপা উৎসবশিরোপা জিততে শেষ ম্যাচের অপেক্ষায় আর থাকতে হচ্ছে না গাজী গ্রুপ ক্রিকেটার্সকে। সোমবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে দিয়েছে আবাহনী লিমিটেড। তাই বৃষ্টিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াই মাঝপথে থেমে গেলেও গাজী ক্রিকেটার্সের ঘরে শিরোপার উৎসব।

সুপার লিগের শেষ রাউন্ডের আগে গাজী ক্রিকেটার্সের পয়েন্ট ছিল ২৪। অন্যদিকে আবাহনী ও দোলেশ্বরের ২২ পয়েন্ট ছিল। আবাহনী হেরে গেলে গাজী ক্রিকেটার্স-দোলেশ্বর ম্যাচটি রূপান্তরিত হতো অলিখিত ফাইনালে। কিন্তু সেটা আর হচ্ছে না।  শেখ জামালকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে আবাহনী।

তাই মঙ্গলবার শেষ ম্যাচে দোলেশ্বরের কাছে হেরে গেলেও কোনও সমস্যা নেই গাজী ক্রিকেটার্সের। তিন দলের পয়েন্ট ২৪ হলেও মুখোমুখি লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকায় গাজী ক্রিকেটার্সই চ্যাম্পিয়ন।  

22লিগের বাইলজ অনুযায়ী, পয়েণ্ট সমান হলে ‘হেড টু হেডে’ এগিয়ে থাকা দল শিরোপা জিতবে। আবাহনী ও দোলেশ্বরের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে আছে গাজী ক্রিকেটার্স। তাই শিরোপা উৎসবে মেতে উঠতে বাধা নেই তাদের।

এ বিষয়ে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সমন্বয়ক আমিন খান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আবাহনীর জয়ের সঙ্গে সঙ্গেই শিরোপা নিশ্চিত হয়ে গেছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের। বৃষ্টির কারণে আজ দুটি ম্যাচ হয়নি। ম্যাচ দুটো কালকে হবে। শেষ ম্যাচে প্রাইম দোলেশ্বরের কাছে হারলেও গাজীর শিরোপা জয় নিশ্চিত।’

/আরআই/এএআর/