অসিদের বোলিং তোপে শুরু থেকেই কোনঠাসা ছিল বাংলাদেশ। যদিও বিপর্যয়ের মাঝে স্বস্তি ফেরাচ্ছিল ওপেনার তামিম ইকবালের ব্যাটিং। দর্শনীয় সব ক্রিকেটীয় শট মেলে ধরছিল তার ব্যাট। অপর প্রান্তে যোগ্য সঙ্গী না পেয়ে নিজেই এগিয়ে নিচ্ছিলেন বাংলাদেশের ইনিংস। এমনকি সেঞ্চুরির কাছেই ছিলেন। তবে ব্যক্তিগত ৯৫ রানে আর থিতু থাকতে পারলেন না। মিচেল স্টার্কের বলে উঠিয়ে মারতে গিয়ে ধরা পড়েন হ্যাজেলউডের হাতে। এর আগে ঝটপট ব্যাট চালিয়ে তুলে নেন অস্ট্রেলিয়ার বিপক্ষে তার ক্যারিয়ারের ৩৭তম হাফসেঞ্চুরি।
তামিমের বিদায়ের পর এই স্টার্কের ওভারেই শেষ পতনের আনুষ্ঠানিকতা শুরু। একে একে অসি এই পেসারের ওভারেই বিদায় নেন মাশরাফি ও রুবেল। দুজনেই বোল্ড হন সরাসরি। মাঝে এক ওভার বিরতিতে ফের বোলিংয়ে এসে লেজ ছেঁটে দেন স্টার্ক। বোল্ড করেন মেহেদী হাসান মিরাজকে।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে ধীর স্থির থাকার ইঙ্গিত দিতে পারেনি বাংলাদেশ। শুরুতেই উইকেট হারিয়ে বসে টাইগাররা। দলীয় ২২ রানেই জশ হ্যাজেলউডের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে বিদায় নেন ওপেনার সৌম্য সরকার (৩)।
উল্টো দিকে নিজের স্বাভাবিক ভঙ্গিতেই খেলতে থাকেন তামিম। প্রথম উইকেটের পতনের পর খুব বেশি দেরি হয়নি দ্বিতীয় উইকেটের পতনে। দলীয় ৩৭ রানে কভার পয়েন্টে প্যাট কামিন্সের বলে সরাসরি ক্যাচ দিয়ে বিদায় নেন ইমরুল কায়েস। তৃতীয় উইকেটে মুশফিক কিছুক্ষণ টিকে থাকার ইঙ্গিত দিলেও মোয়েসেস হেনরিকসের বলে ফাঁদে পড়েন এলবিডাব্লিউর। বিদায় নেন ৯ রানে।
বাজে ব্যাটিংয়ের সঙ্গে বিচক্ষণতারও অভাব ছিল। ইনসাইড এজ হয়েও রিভিউ নেননি মুশফিক। আর রিভিউ নিয়ে বিদায় নিতে হয় সাকিব আল হাসানকে। ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে এক পর্যায়ে টেনে তুলছিল সাকিব ও তামিম জুটি। এই জুটিতেই আসে ৬৯ রান। অথচ ২৯.৫ ওভারে তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ট্রাভিস হেড। ২৯ রানে ব্যাট করতে থাকা সাকিব শুরুতে অবশ্য আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। রিভিউ নিলেও পরে ধরতে হয় সাজঘরের পথ।
এরপর নতুন নামা সাব্বির রহমনাকেও থিতু হতে দেননি স্পিনার অ্যাডাম জাম্পা। ৮ রানে ব্যাট করতে থাকা সাব্বিরকে এক্সট্রা কাভারে তালুবন্দি করেন অধিনায়ক স্টিভেন স্মিথ। মাহমুদউল্লাহ রিয়াদ মাঠে নেমেই মেরে বসেন ছক্কা। এক পর্যায়ে এখান থেকেই বড় কিছুর আভাস মিলছিল। কিন্তু ব্যক্তিগত ৮ রানে তাকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা।
মিচেল স্টার্ক ৮.৩ ওভারে ২৯ রান দিয়ে একাই নেন ৪ উইকেট। দুটি নেন অ্যাডাম জাম্পা। একটি করে নেন হেনরিকস, কামিন্স, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড।
/এফআইআর/