দুই দল পয়েন্ট ভাগাভাগি করেছে একটি করে। এতে বাংলাদেশ এখনও টিকে আছে টুর্নামেন্টে। এমন পয়েন্টকে তাই খুব গুরুত্বপূর্ণ বলতে দ্বিধা নেই মাশরাফির, ‘আমি ম্যাচ শেষে যেমনটা বলেছিলাম, অস্ট্রেলিয়া ছিল দুর্ভাগা। একই সঙ্গে আমাদের সৌভাগ্য যে এক পয়েন্ট পেয়েছি। এ পয়েন্টের সঠিক ব্যবহার গুরুত্বপূর্ণ।’
সেমিফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী কি না প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক বলেছেন, ‘এখনও আমি জানি না নিউজিল্যান্ডের বিপক্ষে জিতলে সেমিফাইনালে যাব কি যাব না। কিন্তু পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, আমাদের জন্য এটা সৌভাগ্যের। কারণ ম্যাচ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে ছিল।’
২০ ওভার খেলা হলে ম্যাচের ফল ভিন্ন হতো বাংলাদেশের। ডাকওয়ার্থ লুইস পদ্ধতির হিসাব নিকাশে জিতে যেত অস্ট্রেলিয়া। কিন্তু ভাগ্য ভালো যে তখনও চার ওভার বাকি ছিল। মাশরাফি বলেছেন, ‘যদি তারা আর একটিও রান না করত এবং খেলা ২০তম ওভার পর্যন্ত হতো তাহলেও তারা জিতত। অবশ্যই এটা আমাদের জন্য সৌভাগ্যের। সত্যি বলতে এক পয়েন্ট পেয়ে আমরা খুশি।’
/এফএইচএম/