শাহরুখ খান এবার দল কিনছেন দক্ষিণ আফ্রিকায়!

কলকাতা নাইট রাইডার্সের শিরোপা উৎসবে শাহরুখ খানকলকাতা নাইট রাইডার্স কিনেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম আসরেই। শুরুর দিকটা হতাশায় কাটালেও শাহরুখ খান দুইবার ভেসেছেন শিরোপা জেতার আনন্দে। ক্রিকেট উন্মাদনায় ভারত পেরিয়ে ক্যারিবিয়ান লিগেও দল কিনেছেন বলিউডের ‘কিং খান’। এবার দক্ষিণ আফ্রিকাতেও ‘ক্রিকেট ব্যবসা’ প্রসারিত করতে যাচ্ছেন বলে খবর ভারতীয় সংবাদমাধ্যম ‘মুম্বাই মিরর’-এর। পত্রিকাটির খবর, দক্ষিণ আফ্রিকায় শুরু হতে যাওয়া আট দলের নতুন টি-টোয়েন্টি লিগে দল কিনছেন শাহরুখ।  

ক্রিকেটের সঙ্গে তার যোগাযোগ ছিল না কোনোভাবেই। ২২ গজের লড়াই তাকে টানতো, তবে সেটা শুধুই একজন ভক্ত হিসেবে। যদিও রূপালি পর্দার মানুষ হলে কী, ‘ক্রিকেট ব্যবসা’ খুব ভালোই বোঝেন শাহরুখ খান। সে কারণেই আইপিএলের প্রথম মৌসুমেই কেনেন কলকাতা ‍নাইট রাইডার্স। এরপর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) অংশীদার হন ত্রিনবাগো নাইট রাইডার্সের। এবার দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি টুর্নামেন্টে দল কেনার জন্য শাহরুখের স্পোর্ট ম্যানেজমেন্ট আলোচনা করছে দেশটির ক্রিকেট বোর্ডের (সিএসএ) সঙ্গে। ‘মুম্বাই মিরর-এর খবর, জোহানেসবার্গ কিংবা কেপ টাউনের ফ্র্যাঞ্জাইজি নিতে ‍শাহরুখ তার প্রতিনিধি পাঠিয়েছেন সিএসএ-এর প্রধান নির্বাহী হারুন লরগাটের সঙ্গে কথার বলার জন্য।

আইপিএলের কোনও ফ্র্যাঞ্জাইজি যে এবারই প্রথম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে দল কেনার আগ্রহ দেখিয়েছে, তা নয়। দিল্লি ডেয়ারডেভিসও নাকি কিনতে চায় দল। যদিও আগ্রহ থাকলেই দল পাওয়া যাবে না, প্রতিদ্বন্দ্বিতা করেই হতে হবে সফল! কেন? দল মাত্র আটটি হলেও আবেদন জমা পড়েছে ১৫০টি আগ্রহী প্রতিষ্ঠান ও ব্যক্তির। শেষ পর্যন্ত কারা পাচ্ছেন দলের মালিকানা, তা জানা যাবে ১৯ জুন লন্ডনের এক অনুষ্ঠানে। স্পোর্ট টুয়েন্টিফোর

/কেআর/