২০১৫ সালের বিশ্বকাপে আরেকটি বিষয় বাংলাদেশ-ভারতের ক্রিকেটীয় উত্তেজনা দিয়েছে বাড়িয়ে। ‘মওকা মওকা’ বিজ্ঞাপনে বাংলাদেশকে ছোট করায় দল দুটির মুখোমুখি লড়াই এখন ক্রিকেটের সবচেয়ে উত্তেজনাকর লড়াইয়ের একটি। তার ওপর আবার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের বিতর্কিত জয়টা তো আছেই। সেই ভারত যখন আবার সামনে, তখন খেলোয়াড়রা নিশ্চিতভাবেই মুখিয়ে আছেন তাদের বিপক্ষে প্রতিশোধের জন্য।
হাথুরুসিংহে অবশ্য প্রতিশোধের ব্যাপারটা উড়িয়ে দিয়ে বললেন, ‘প্রতিশোধের কোনও ব্যাপার নেই। ভারতের মতো দলের বিপক্ষে আমরা ভালো একটা ম্যাচ খেলতে যাচ্ছি। একটা জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। আমরা শুধু জয়ের চিন্তা করছি, আর সে জন্য নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।’
হাথুরুসিংহে যতই প্রতিশোধের বিষয় আড়াল করার চেষ্টা করুন না কেন, এজবাস্টনের সেমিফাইনালের আবহে ঠিকই বাজতে থাকবে দুই বছর আগের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের যন্ত্রণার সুর। যে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে যন্ত্রণায় পুড়েছিল বাংলাদেশের কোটি ভক্ত। এনডিটিভি
/কেআর/