ইংল্যান্ডকে চেপে ধরেছে পাকিস্তান

রুটকে ফিরিয়ে শাদাবের উল্লাসখুব সাবধানী ব্যাট করছিল ইংল্যান্ড। কিন্তু পাকিস্তানের বোলাররাও কম যায় নি। চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে বুধবার সমানে সমান লড়ছিল পাকিস্তান ও ইংল্যান্ড। কিন্তু স্বাগতিকদের সপ্তম উইকেট তুলে নিয়ে চাপে রেখেছে পাকিস্তানি বোলাররা। কার্ডিফের সোফিয়া গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৭ উইকেটে ১৮৭ রান করেছে ইংলিশরা।

জেসন রয়ের বদলে জায়গা পাওয়া জনি বেয়ারস্টো শুরু থেকে সতর্ক ছিলেন। তার সঙ্গে আরেক ওপেনার অ্যালেক্স হেলস ছিলেন ধীরস্থির। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেন নি তিনি। ১৩ বলে ১৩ রানে রুম্মন রইসের শিকার হেলস। তবে জো রুটকে নিয়ে দেখেশুনে খেলতে থাকেন বেয়ারস্টো। ১৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করেছিল ইংল্যান্ড। তবে ১৭তম ওভারের তৃতীয় বলে বেয়ারস্টোকে ৪৩ রানে মোহাম্মদ হাফিজের ক্যাচ বানান হাসান আলী।

এ দুই উইকেট হারিয়ে ইংলিশদের রানের গতি আরও মন্থর হয়ে পড়ে। ২০ রানের ব্যবধানে রুট, এউইন মরগান ও জস বাটলারের মতো তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যান সাজঘরে গেলে চাপটা বেড়ে যায় স্বাগতিকদের। রুট ৪৬ রানে সাদাব খানের কাছে থামেন। ৩৩ রানে হাসানের দ্বিতীয় শিকার মরগান। বাটলারকে ৪ রানের বেশি করতে দেননি জুনাইদ খান। এ পেসার মঈন আলীকেও (১১) সাজঘরে পাঠালেন তার আরেক ওভারে। সর্বশেষ আদিল রশীদ হয়েছেন রান আউট।

কার্ডিফের সোফিয়া গার্ডেনসের এ ম্যাচে দুই দলেই পরিবর্তন আনা হয়েছে। জেসনের রয়ের বদলে ইংল্যান্ড দলে ঢুকেছেন জনি বেয়ারস্টো। ইনজুরির কারণে পাকিস্তানের একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ আমির। তার জায়গায় রুম্মন রইস এসেছেন। লেগস্পিনার শাদাব খান এসেছেন ফাহিম আশরাফের জায়গায়।

/এফএইচএম/