বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠেও ধরা পড়লো সেই রোমাঞ্চ, ‘এমন একটি টুর্নামেন্টের সেমিফাইনাল খেলছে বলে ছেলেরা ভীষণ রোমাঞ্চিত। এখানে আসার আগেই আমরা ম্যাচ বাই ম্যাচ খেলার পরিকল্পনা করেছিলাম। সেই ধারাবাহিকতায় সেমিফাইনালে উঠেছি। কাল ছেলেরা চাপমুক্ত থেকে খেলতে পারলে ভালো ফলাফল আসবে।’
বার্মিংহামের এজবাস্টনে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে নির্ভার থাকার ওপরেই বেশি গুরুত্ব দিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যেক ম্যাচই জয়ের জন্য খেলি। এটা নতুন একটf ম্যাচ এবং ম্যাচটি আমাদের জন্য অন্য রকম। অন্য যে কোনও ম্যাচের চেয়ে এই ম্যাচের হাইপ অনেক বেশি থাকবে, আর এটাই স্বাভাবিক। অবশ্যই আমাদের লক্ষ্য ভালো খেলা। তবে আমাদের কাজটা হবে নির্ভার থেকে ম্যাচটা খেলা।’
বাংলাদেশ যে সেমিফাইনালে, তার পেছনে ব্যাটসম্যানদের বড় অবদান। তবে এখনও কোনও কোনও ব্যাটসম্যান জ্বলে উঠতে পারেন নি। মাশরাফি অবশ্য সতীর্থদের ওপর আস্থা হারাচ্ছেন না, ‘একটা টুর্নামেন্টে দলের সবাই ভালো পারফর্ম করতে পারে না। সবার কাছ থেকে সেটা আশা করাও ভুল। কোনও টুর্নামেন্টে কেউ সফল হয়, কেউ হয় না। এজন্য কারো দিকে আঙুল তোলা উচিত নয়। সবাই চেষ্টা করছে ভালো করার। যারা ফর্মে আছে তাদের উচিত পরের ম্যাচে ধারাবাহিকতা ধরে রাখা।’
/আরআই/এএআর/