গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে আগের ম্যাচের মতো এই ম্যাচে আর দাপট দেখাতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। ৩৩.৪ ওভারে ১৫৫ রানেই গুটিয়ে যায় ক্রেমারের দল। ওপেনার হ্যামিলটন মাসাকাদজা ৪১ আর ম্যালকম ওয়ালার ৩৮ রান করেন। লঙ্কান স্পিনারদের মধ্যে ১০ ওভারে ৪ উইকেট নিয়ে সফল ছিলেন লক্ষণ সান্দাকান। আর অভিষেকেই হ্যাটট্রিক করেন ওয়ানিদু হাসারাঙ্গা।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ম্যাচের মতোই চিন্তার ভাঁজ পড়েছিল লঙ্কান শিবিরে। ১০ রানেই ফিরে যান গুনাথিলাকা ও কুশল মেন্ডিস। অবশ্য এরপর হালকা প্রতিরোধ দিয়ে ফেরেন ওপেনার দিকবিলা। ব্যক্তিগত ৩৫ রানে তার ফেরার পর আর সমস্যা হয়নি শ্রীলঙ্কার। উপুল থারাঙ্গার ৭৫ ও অ্যাঞ্জেলো ম্যাথুসের ২৮ রানের সুবাদে ৩০.১ ওভারেই জয় নিশ্চিত হয় শ্রীলঙ্কার।
এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফিরেছে শ্রীলঙ্কা। ম্যাচসেরা হয়েছেন সান্দাকান।
/এফআইআর/