এখনই অস্ট্রেলিয়াকে নিয়ে ভাবছেন না মিরাজ

মেহেদী হাসান মিরাজদুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া। ওই সিরিজ সামনে রেখে কন্ডিশনিং ক্যাম্প চলছে বাংলাদেশ দলের। যার অংশ মেহেদী হাসান মিরাজও। বাংলাদেশের এই অলরাউন্ডার অবশ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ নিয়ে ভাবছেন না আপাতত। তার নজরে এখন শুধু কন্ডিশনিং ক্যাম্প দিয়ে নিজেকে ঝালিয়ে নেওয়া।

টেস্ট ক্রিকেট পা রেখেই নিজেকে প্রমাণ করেছেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশের টেস্ট দলে জায়গাটা হয়ে যায় তার পাকাপোক্ত। অস্ট্রেলিয়া সিরিজেও তার দলে থাকার কথা। থাকলে ব্যক্তিগত পরিকল্পনাটা কেমন হবে তার? মিরপুরে সাংবাদিকদের এমন প্রশ্নে অবশ্য নির্ভারই দেখাল মিরাজকে। কেননা আপাতত অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে কোনও পরিকল্পনাই নেই তার, বলেছেন, ‘আমরা তো এখন ফিটনেসের ওপর কাজ করছি। ব্যক্তিগত লক্ষ্য অবশ্যই থাকে প্রত্যেকের, তবে এই মুহূর্তে আমি অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কিছু ভাবছি না।’

কেন ভাবছেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন অভিষেক (দুই ম্যাচের) সিরিজেই ১৯ উইকেট পাওয়া এই ক্রিকেটার, ‘এখন আমি ভাবছি শুধু আমার স্কিল ও ফিটনেসের উন্নতির কথা। অস্ট্রেলিয়া এলে ওই সিরিজের অনুশীলনের সঙ্গে তাদের নিয়ে ভাবনাও শুরু করব।’ সঙ্গে যোগ করলেন, ‘আমি যদি এখন থেকেই চিন্তা করা শুরু করি তাহলে বর্তমানে যে ফিটনেস অনুশীলন চলছে, ওটার ওপর নজর থাকবে না। এখন এদিকে নজর দিলে ওটাও (অস্ট্রেলিয়া সিরিজ) এমনিতে ভালো হবে। অস্ট্রেলিয়ার সিরিজ নিয়ে তাই কোনও চিন্তা করছি না আপাতত।’

ঘরের মাঠে আবারও টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে পাওয়া সাফল্য ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষেও। তবে উইকেট যে নিজেদের হাতে নেই, সেটাও জানিয়ে রাখলেন তিনি, ‘যে উইকেটেই খেলি না কেন লক্ষ্য থাকবে ভালো করার। উইকেট তো আর আমাদের হাতে নেই। আমরা যদি ও রকম উইকেট পাই, ইনশাআল্লাহ আমাদের স্পিনারদের জন্য ভালো হবে, যেহেতু দেশের মাটিতে খেলা।’

/কেআর/