বোলিং কোচ হিসেবে পছন্দের লোককে চান শাস্ত্রী

চুক্তি শেষ রবি শাস্ত্রীররবি শাস্ত্রী কোচ হওয়ার পরও ঝামেলা শেষ হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডে। জহির খানকে বোলিং পরামর্শক করা হলেও নিজের পছন্দের বোলিং কোচ চাইছেন ভারতের নতুন কোচ শাস্ত্রী। এমনটাই এখন শোনা যাচ্ছে।

অবশ্য শাস্ত্রীকে কোচ নিয়োগ দিলেও এর বিরুদ্ধে ছিলেন সৌরভ গাঙ্গুলী।  তাকে শান্ত করতেই জহির খানকে তার পছন্দ মতো বোলিং পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়। শাস্ত্রীর সঙ্গে গতবারও কোচ নিয়োগ প্রক্রিয়া নিয়ে গাঙ্গুলীর উত্তপ্ত পরিস্থিতির তৈরি হয়েছিল। তাই এই দুজনের তিক্ত সম্পর্কের কথা সকলেরই জানা।

শাস্ত্রী অবশ্য এ নিয়ে অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন যে নিজের পছন্দ কাউকেই বসাবেন বোলিং কোচের ভূমিকায়। সেই পছন্দ হিসেবে ছিলেন ভারত অরুন। ক্রিকেট উপদেষ্টা কমিটি তাকে এ নিয়ে প্রশ্ন করলে একই কথা জানিয়েছিলেন তিনি। কিন্তু সেখানে এর বিপক্ষে ছিলেন গাঙ্গুলী।

পরে ভারতীয় ক্রিকেট বোর্ড ভেঙ্কাটেশ প্রসাদের নাম অপেক্ষমান তালিকায় রাখলেও শাস্ত্রী সেই অরুনকেই নেওয়ার পক্ষে গো ধরে বসে আছেন। জহির খানকে রাখা হলেও পূর্ণকালীন বোলিং কোচ নিয়োগ দেওয়ার পক্ষে তিনি। তাই যুক্তরাজ্যের সফর সংক্ষিপ্ত করে আগেই ফিরে আসছেন বোর্ডের সঙ্গে কথা বলতে। শ্রীলঙ্কা সফরের আগেই অরুনকে দেখতে চান শাস্ত্রী। শেষ পর্যন্ত সিদ্ধান্ত আসলে কী আসে সেটাই এখন দেখার।

/এফআইআর/