অর্থ-বিত্ত-রোমাঞ্চ-জাঁকজমক সব কিছু মিলে বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। তবে আইপিএলের চেয়ে সিপিএল বেশি উপভোগ করেন সাকিব।
রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মিডিয়া লাউঞ্জে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ সম্পর্কে তার মন্তব্য, ‘আইপিএলে প্রতি দলে ১০ জন বিদেশি খেলোয়াড় থাকে। এ কারণে সেখানে প্রতিযোগিতা বেশি। প্রতি দলে চার জনের বেশি বিদেশি খেলার সুযোগ পায় না। তাই ভালো খেললেও পরের ম্যাচে কম্বিনেশনের কারণে দল থেকে বাদ পড়তে হয় কোনও বিদেশিকে। কিন্তু সিপিএল বা পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) চার বিদেশি মোটামুটি ফিক্সড থাকে। খুব বেশি প্রয়োজন না হলে তাদের পরিবর্তন করা হয় না। এছাড়া আর কোনও পার্থক্য আমি দেখি না। সব জায়গার পরিবেশ এবং খেলার মান ভালো।’
গতবারের মতো এবারও সিপিএলে সাকিবের দল জ্যামাইকা তালাওয়াস। সিপিএলে এর আগে তিন মৌসুম খেললেও এবারের প্রতিযোগিতা নিয়ে তিনি যথেষ্ট রোমাঞ্চিত, ‘প্রতিটি টুর্নমেন্টেই নতুন নতুন অভিজ্ঞতা হয়। মজা থাকে, রোমাঞ্চ থাকে। গত ১০-১৫ বছর ধরে ক্রিকেট খেলছি। যেখানেই খেলি, মজা লাগে। মজার কারণেই খেলে যাচ্ছি।’
তবে সিপিএলে খেলতে একটু বেশিই আগ্রহী তিনি। তার কারণও জানালেন টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি তিন ধরনের ক্রিকেটেই অলরাউন্ডার র্যাং কিংয়ের শীর্ষে থাকা সাকিব, ‘অন্য টুর্নামেন্টের চেয়ে এখানকার পরিবেশ অন্যরকম। খেলার সময় সবাই সিরিয়াস থাকে। কিন্তু মাঠের বাইরে নির্ভার থাকে সবাই। ক্যারিবিয়ানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তাই সব কিছু মিলে ওখানে খেলাটা অনেক বেশি উপভোগ্য।’
ওয়েস্ট ইন্ডিজের পিচগুলোও খুব পছন্দ তার, ‘সেখানে বোলিং করা একটু সহজ। কারণ সেখানকার উইকেট স্পিনারদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়।’
এবারের সিপিএলে বাংলাদেশ থেকে শুধু সাকিব ও মিরাজ খেলার সুযোগ পেয়েছেন। তবে সাকিবের ধারণা, অস্ট্রেলিয়া সিরিজ না থাকলে সিপিএলে আরও কয়েকজন বাংলাদেশিকে দেখা যেতো এবার, ‘এ বছর পুরো টুর্নামেন্ট খেলার সুযোগ থাকলে বাংলাদেশ থেকে আরও কয়েকজন যেতে পারতো। দুই-একজনের নাম আলোচনাও হচ্ছিল। কিন্তু আমাদের তো খেলা আছে, সফরকারী দল কবে আসবে তা ফিক্সড থাকে। তাই অন্যদের প্রতি আগ্রহ দেখায়নি সিপিএলের দলগুলো।’
/আরআই/এএআর/
আরও পড়ুন: