চতুর্থ দিন কিটন জেনিংস, টম ওয়েস্টলে ও জো রুট ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ভিত গড়ে দেন। আর শেষ করেন জনি বেয়ারস্টো। এ উইকেটরক্ষক ব্যাটসম্যান সেরা পারফরম্যান্সের পর আউট হলে শেষ সেশনের আগেই দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ৩৫৩ রান করেছিল ইংল্যান্ড। ৩১৩ রানে ৮ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসকে আর বড় করেনি তারা। কারণ ততক্ষণে দক্ষিণ আফ্রিকাকে ৪৯২ রানের বিশাল টার্গেট দিয়ে ফেলেছে রুট বাহিনী। ম্যাচ বাঁচাতে চার সেশন হাতে পায় প্রথম ইনিংসে ১৭৫ রান করা প্রোটিয়ারা।
তবে নিজের প্রথম টেস্টকে বর্ণিল করতে পেরেছেন ওয়েস্টলে। অধিনায়ক রুটকে নিয়ে পঞ্চাশ ছাড়ানো জুটি গড়ার পথে হাফসেঞ্চুরি পান এ ডানহাতি ব্যাটসম্যান। ১৪১ বলে ১১ চারে ৫৯ রান করে কেশব মহারাজের বলে আউট হন ওয়েস্টলে। রুটের সঙ্গে তার জুটি ছিল ৭৮ রানের। মহারাজ তার পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন। ৯১ বলে ২৯তম হাফসেঞ্চুরি করার পর তৃতীয় বলে থামতে হয় রুটকে। ৯৪ বলে ৬ চারে ৫০ রান করেন স্বাগতিক অধিনায়ক।
পরের ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে কিছুটা আগ্রাসী ব্যাটিং করেছেন বেয়ারস্টো। বেন স্টোকসের (৩১) সঙ্গে ৪৯ ও টোবি রোল্যান্ড-জোন্সকে (২৩*) নিয়ে ৪৮ রানের জুটি গড়েন তিনি। তাতেই চারশ’র উপরে টার্গেট দেয় ইংল্যান্ড। বেয়ারস্টো ৫৮ বলে ৬ চার ও ১ ছয়ে ৬৩ রানে আউট হলে চা বিরতির খানিক্ষণ আগে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।
/এফএইচএম/