অশ্বিনের ঘূর্ণিতে ফলোঅনে শ্রীলঙ্কা

ভারতের উইকেট উৎসবতৃতীয় দিনের লাঞ্চের আগেই শেষ শ্রীলঙ্কার ৮ উইকেট! ভারত ৯ উইকেটে ৬২২ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করার পর চাপে চ্যাপ্টা হয়ে গেছে স্বাগতিকরা। সিংলিজ স্পোর্টস ক্লাব মাঠে লঙ্কানরা অলআউট হয়েছে মাত্র ১৮৩ রানে! তাতে প্রথম ইনিংসে ৪৩৯ রানের বিশাল লিড পাওয়া ভারত ফলোঅন করিয়েছে শ্রীলঙ্কাকে।

দ্বিতীয় দিন শেষে ৫০ রান তুলতে শ্রীলঙ্কা হারিয়েছিল ২ উইকেট। তখনই আসলে স্বাগতিকরা পেয়েছিল অশনি সংকেত। কিন্তু এতটা ভয়াবহতা হবে, সেটা হয়তো ভাবেনি। ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ করেছে তৃতীয় দিনের লাঞ্চের আগেই। রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে দিশেহারা শ্রীলঙ্কা শেষ ৬ উইকেট হারিয়েছে ৬৬ রান তুলতে। টেস্ট ক্যারিয়ারের ২৬তম ৫ উইকেটের দেখা পেয়েছেন ভারতীয় এই স্পিনার।

দিনেশ চান্ডিমালকে ফিরিয়ে তৃতীয় দিনে ভারতের উইকেট উৎসব শুরু করেন রবীন্দ্র জাদেজা। এই স্পিনারের ঘূর্ণিতে লঙ্কান অধিনায়ক ফেরেন ১০ রান করে। খানিক পর আবার ধাক্কা, এবার কুশল মেন্ডিসকে (২৪) ফেরান উমেশ যাদব। এরপর অবশ্য নিরোশান ডিকবিলাকে নিয়ে ভালোই প্রতিরোধ গড়ে তুলেছিলেন এই সিরিজের আগেই অধিনায়কত্ব ছেড়ে দেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ। দাঁড়িয়েও গিয়েছিল তাদের জুটি, কিন্তু অশ্বিন তার চেনা রূপে ফিরলে প্যাভিলিয়নে ফেরেন ম্যাথুজ। ২৬ রান করে সাবেক এই অধিনায়ক ফেরেন চেতশ্বর পূজারার হাতে ক্যাচ হয়ে।

ম্যাথুজ আউট হওয়ার পর ভেঙে পড়ে শ্রীলঙ্কার ব্যাটিং লাইন। লড়াই চালিয়ে গেছেন অবশ্য ডিকবিলা। যদিও হাফসেঞ্চুরি করার পরপরই এই উইকেটরক্ষক ফেরেন ৫১ রান করে। ক্রিকইনফো

/কেআর/