দক্ষিণ আফ্রিকাকে বিপদে রেখেছে ইংল্যান্ড

ইংল্যান্ডের উদযাপনের মধ্যমণি ছিলেন অ্যান্ডারসনম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টে জনি বেয়ারস্টোর আক্ষেপ হতেই পারে। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি পাননি ইংল্যান্ডের এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে দ্বিতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার হতাশা বেশি। সিরিজ বাঁচানোর টেস্টে প্রথম ইনিংসে সুবিধা করতে পারেননি তাদের ব্যাটসম্যানরা।

শনিবার দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে মাত্র ১ উইকেট হাতে রাখতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। এখনও তারা পিছিয়ে ১৪২ রানে। স্বাগতিকদের প্রথম ইনিংস ৩৬২ রানে শেষ হলে ৯ উইকেটে ২২০ রান করে প্রোটিয়ারা। এবার সিরিজ জয়ের স্বপ্ন দেখতে পারে ইংলিশরা।

৬ উইকেটে ২৬০ রানে সকালে খেলতে নামে ইংল্যান্ড। ৩৩ রানে অপরাজিত বেয়ারস্টো ১০০ বলে ১৭তম হাফসেঞ্চুরি পান। কিন্তু সেটাকে তিন অঙ্কের ঘরে নিতে পারেননি। অবশ্য অন্য প্রান্তের ব্যাটসম্যানদের কাছে উপযুক্ত সঙ্গ না পেলেও তার ব্যাটে সাড়ে তিনশ’র উপরে রান করে ইংল্যান্ড। ১৪৫ বলে ১৪ চার ও ১ ছয়ে ৯৯ রানে আউট হন বেয়ারস্টো। তিনিই ছিলেন শেষ ব্যাটসম্যান।এমন দর্শনীয় শটের পরও আক্ষেপে পুড়েছেন বেয়ারস্টোদক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদা এদিন নিয়েছেন আরও ২ উইকেট। প্রথম ইনিংসে তার সংগ্রহ ৪ উইকেট। মরনে মরকেল, দুয়ান্নে অলিভিয়ের ও কেশব মহারাজ নেন ২টি করে উইকেট।

লাঞ্চের কিছুক্ষণ আগে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তৃতীয় বলে রানের খাতা না খুলে জেমস অ্যান্ডারসনের শিকার ডিন এলগার। এর পর মিডল অর্ডারে নামে ধস। ৫৮ রানে পাঁচ ব্যাটসম্যান প্যাভিলিয়নের পথ ধরেন। অ্যান্ডারসনের সঙ্গে স্টুয়ার্ট ব্রডের পেস ও মঈন আলীর স্পিনে দিন শেষে হতাশায় ডোবে প্রোটিয়ারা। সর্বোচ্চ ৪৬ রান করেন তেম্বা বাভুমা। মরকেল ১৮ রানে খেলছেন। তৃতীয় দিন তাকে সঙ্গ দিতে নামবেন অলিভিয়ের।

অ্যান্ডারসন ৪ উইকেট নেন। ২টি করে পান ব্রড ও মঈন।

/এফএইচএম/