স্মিথ সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলেন ঠিক দু মাস আগে, গত ১০ জুন ইংল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ ম্যাচে। অবশ্য তিনি একা নন, অস্ট্রেলিয়ার সব ক্রিকেটারই তারপর থেকে মাঠের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড (সিএ) চুক্তি নবায়ন না করায় ১ জুলাই থেকে কার্যত বেকার হয়ে পড়েন তারা। ঝামেলা না মেটা পর্যন্ত বলতে গেলে ব্যাট-বল হাতে নেওয়াই হয়নি ক্রিকেটারদের।
অস্ট্রেলীয় ক্রিকেটের জন্য সুখবর, সমস্যার সমাধান হয়েছে। বাংলাদেশ সফর সামনে রেখে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ডারউইনে ৭ দিনের ক্যাম্প করবে স্মিথের দল। সেখানেই চলবে ফিটনেস পুনরুদ্ধারের লড়াই।
ক্রিকেট ঐতিহ্যে অস্ট্রেলিয়া অনেক এগিয়ে। টেস্ট র্যাংকিংয়েও দু দলের মধ্যে বিস্তর ব্যবধান, অস্ট্রেলিয়া এখন চার নম্বরে আর বাংলাদেশের অবস্থান নবম। তবে স্মিথ এসব তথ্যকে পাত্তাই দিচ্ছেন না। ফক্স স্পোর্টসে লেখা এক কলামে টাইগারদের সম্পর্কে অস্ট্রেলিয়া অধিনায়কের মন্তব্য, ‘বাংলাদেশ অবশ্যই বিপজ্জনক দল। গত কয়েক বছরে বিশেষ করে ঘরের মাঠে তারা দারুণ উন্নতি করেছে। গত বছর তো স্বদেশে তারা ইংল্যান্ডকে একেবারে উড়িয়ে দিয়েছিল।’
এমন ‘বিপজ্জনক’ দলের বিপক্ষেই ক’দিন পর মাঠে নামবেন স্মিথ। অনেক দিন পর ক্রিকেটে ফিরতে পেরে তিনি উচ্ছ্বসিত, ‘প্রায় দু মাস আমি ব্যাট হাতে নেইনি। এটা আমার জীবনের এক বিরল ঘটনা। দীর্ঘ দিন এ ধরনের বিরতি পাইনি। তাই মাঠে ফিরতে পেরে আমি রোমাঞ্চিত।’ সিডনি মর্নিং হেরাল্ড
/এফএইচএম/এএআর/