বাটলারের জন্য কুমিল্লার খরচ ২ কোটি ১০ লাখ টাকা

জস বাটলার৬ আগস্ট নিজেদের ভেরিফায়েড পেসবুক পেজে কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের ভক্তদের জন্য দেয় সুখরবটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলটি ঘোষণা করে, জস বাটলার সামনের আসরে খেলবেন তাদের হয়ে। খবরটি তাই বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য পুরনো। তবে শুক্রবার নতুন খবর হয়ে এসেছে ইংলিশ এই উইকেটরক্ষকের দাম। ব্রিটিশ দৈনিক ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, বাটলারের জন্য কুমিল্লাকে খরচ করতে হচ্ছে ২ লাখ পাউন্ড, বাংলাদেশি টাকায় অঙ্কটা ২ কোটি ১০ লাখ।

টি-টোয়েন্টি ক্রিকেটে এখন অন্যতম ভয়ঙ্কর ব্যাটসম্যান জস বাটলার। বোলারদের সামনে তাণ্ডব চালানো ইংলিশ এই উইকেটরক্ষক বাংলাদেশ সফরেও দেখিয়েছেন তার জাদু। বাটলারকে দলে ভিড়াতে তাই মোটা অঙ্কের টাকা খরচ করতেও দ্বিধা করেনি কুমিল্লা। ২ কোটি ১০ লাখ টাকায় ইংলিশ ক্রিকেটারকে দলে এনে শক্তিশালী করেছে স্কোয়াড।

যদিও বাটলার গোটা টুর্নামেন্ট খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় থেকেই গেছে। গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশে বাটলারের খেলা নিয়ে নিরাপত্তার বিষয়টি আগে নিশ্চিত হতে চায় ইংলিশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাছাড়া সামনের অ্যাশেজ সিরিজও একটা কারণ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মর্যাদার এই সিরিজে তার না থাকার সম্ভাবনাই বেশি। তবে লম্বা সিরিজে জনি বেয়ারস্টোর সঙ্গে বাড়তি একজন উইকেটরক্ষক ইংল্যান্ড যোগ করতে চাইলে নিশ্চিতভাবেই বাটলার থাকবেন। তাই কুমিল্লার হয়ে বাটলার তখনই খেলার অনুমতি পাবেন, যদি অ্যাশেজের দলে তিনি না থাকেন। দ্য গার্ডিয়ান

/কেআর/