২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে যারা মাঠে নেমেছিলেন, তাদের কেউই নেই এবারের স্কোয়াডে। সোজা কথায় বললে, টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হতে যাচ্ছে দলে থাকা সবার। ঘরের মাঠে অস্ট্রেলিয়া বিপক্ষে লড়াইয়ের আগে ভীষণ আত্মবিশ্বাসী সবাই। সাকিবের মুখে ঝরল সেই কথাই। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো ফলের প্রত্যাশা তার মনে। সেটা এমনকি ২-০ ব্যবধানে জয়ের স্বপ্নও দেখাচ্ছে সাকিবকে, ‘আমার তো মনে হয় সম্ভব। সম্ভব না হওয়ার তো কিছু দেখি না। আর প্রত্যাশা অবশ্যই দুই টেস্ট জেতার।’
বর্তমান বাংলাদেশ দলটি ইতিহাসের অন্যতম সেরা, এখনই অস্ট্রেলিয়াকে হারানোর সেরা সময় কিনা, এমন প্রশ্নে মিরপুরের সংবাদ সম্মেলনে সাকিবের উত্তর, ‘অস্ট্রেলিয়া যে কোনও কন্ডিশনে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। হয়তো কষ্ট হয়, হবেও; বৃষ্টি আছে, গরম আছে। তারপরও ওরা মানিয়ে নেবে। ওদেরকে হারাতে তাই আমাদের সেরা ক্রিকেটই খেলতে হবে।’ সঙ্গে যোগ করলেন, ‘কন্ডিশন বা অন্য কিছুর ওপর নির্ভর করে সিরিজ শুরুর চিন্তা করাটা মনে হয় না খুব একটা ভালো হবে। আমাদের চিন্তাই থাকা উচিত যে, আমরা যাতে যে কোনও পরিস্থিতি ওদের চেয়ে ভালোভাবে মোকাবিলা করতে পারি।’
সোনালী দিন পেছনে ফেলে এলেও অস্ট্রেলিয়া এখনও টেস্টে অন্যতম সেরা দল। তাই বলে বাংলাদেশ তাদের চেয়ে অনেক পিছিয়ে তেমনটা মনে করেন না সাকিব। আগের হিসাব পেছনে রেখে তার চোখ সামনে, ‘আমাদের দলের অবস্থা খুব ভালো। কিন্তু এটাই সেরা সুযোগ কিনা, তা বলা মুশকিল। কারণ ওদের বিপক্ষে তো খেলিইনি আগে। খেললে আসলে বলতে পারতাম আগের দলের সঙ্গে বেশি সুযোগ ছিল, নাকি এখনকার। ভালো-খারাপ বড় কথা নয়। বাংলাদেশ দল জিততে পারলে সেটাই বড় ব্যাপার।’
উপমহাদেশের কন্ডিশনে রীতিমত লড়াই করতে হয় অস্ট্রেলিয়াকে। গত বছরই যেমন শ্রীলঙ্কাতে গিযে ৩-০ ব্যবধানে হেরে এসেছে স্মিথরা। চলতি বছরের শুরুর দিকে আবার ভারত সফরে হেরেছে ২-১ ব্যবধানে। সাকিবের আশা অস্ট্রেলিয়ার হারের এই ধারা সচল থাকবে বাংলাদেশের বিপক্ষেও। মুখে মৃদু হাসি নিয়ে বিশ্বসেরা অলরাউন্ডারের বক্তব্য, ‘ওরা সবসময়ই কঠিন প্রতিপক্ষ। বিশ্বের যে কোনও জায়গায় ওরা দ্রুত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারে; এটা ওদের চেয়ে ভালো কেউ পারে না। যদিও ওরা একটু অনভিজ্ঞ এখন। ভারত ও শ্রীলঙ্কায় সাম্প্রতিক সময়ে পারফরফরম্যান্স তেমন ভালো ছিল না। আশা থাকবে সেটা যাতে এখানেও সচল থাকে, আর আমরা ভালো করতে পারি।’