শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘আমাদের সাফল্যের জন্য সাকিব, মোস্তাফিজ আর মিরাজকে খুব ভালো বল করতে হবে। ওরা তিন জনই আমাদের গুরুত্বপূর্ণ বোলার। ওরা ভালো পারফর্ম করতে পারলে অবশ্যই আমরা এগিয়ে থাকবো ম্যাচে।’
বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের অন্যতম আলোচিত বিষয় স্পিন। অনেকের ধারণা, স্পিনাররা নির্ধারণ করবেন সিরিজের ভাগ্য। তামিম অবশ্য এর সঙ্গে পুরোপুরি একমত নন, ‘সবাই স্পিন নিয়ে কথা বলছে। তবে ইংল্যান্ড সিরিজের স্কোরকার্ডের দিকে তাকালে দেখতে পারবেন, ওদের সেরা পেসাররাই উইকেট পেয়েছে। আমরা শুধু ওদের স্পিন আক্রমণ নিয়ে চিন্তা করছি না। অস্ট্রেলিয়া দারুণ পেশাদার দল। ওদের সঙ্গে ভালো করতে হলে পেস, স্পিন সব বিভাগেই ভালো করতে হবে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি।’
টাইগাররা সিরিজটা ২-০তে জিততে পারবে কিনা এমন প্রশ্নে তামিমের উত্তর, ‘২-০তে জিততে হলে প্রতিটি খুঁটিনাটি বিষয় ঠিকভাবে করতে হবে। আমার মতে, আমাদের প্রতিটি বল, প্রতিটি সেশন ধরে লড়াই করতে হবে। জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামতে হবে। সবার মনে রাখা উচিত, ৫ দিনের ম্যাচ ১ ঘণ্টায় শেষ হয়ে যায় না। ৫ দিনের ম্যাচ ৫ দিন ধরেই খেলতে হয়।’