সাকিবের ২-০ ভবিষ্যদ্বাণীতে বিস্মিত স্মিথ

সংবাদ সম্মেলনে স্টিভেন স্মিথ। ছবি-বিসিবিমাঠে নামার আগেই শুরু হয়ে গেছে কথার লড়াই। আগের দিন সংবাদ সম্মেলনে নাথান লিওন কড়া জবাব দিয়ে গিয়েছিলেন সাকিব আল হাসানকে। বাংলাদেশি অলরাউন্ডারের করা ‘আমরা অস্ট্রেলিয়ার চেয়ে স্পিনে এগিয়ে’ মন্তব্যের জবাবে লিওনের বক্তব্য ছিল, ‘অনেক বড় মন্তব্য করে ফেলেছেন সাকিব।’ এবার সাকিবেরই করা আরেকটি মন্তব্যের জবাব দিলেন স্টিভেন স্মিথ। বাঁহাতি অলরাউন্ডার মনে করেন সফরকারীদের বিপক্ষে ২-০’তে সিরিজ জেতা সম্ভব। সাকিবের এমন ভবিষ্যদ্বাণীতে রীতিমত বিস্মিত অস্ট্রেলিয়ান অধিনায়ক।

১১ বছর পর আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। ২০০৬ সালে শেষবার যখন দুই দল মুখোমুখি হয়েছিল, সেই দলের কেউই নেই এবারের সফরে। সম্পূর্ণ ‘অচেনা’ এক দলের বিপক্ষে লড়াইয়ের আগে সাকিবের মন্তব্যে তাই বিস্মিত স্মিথ। শনিবার যখন সংবাদ সম্মেলনে কথা বলছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক, তখন তার দিকে ধেঁয়ে আসে সাকিবের করা মন্তব্যটি। জবাবটা দিলেন তিনি যুক্তি দিয়েই, ‘কথাটা খুব বেশি আত্মবিশ্বাসী শোনাচ্ছে না? বাংলাদেশ তাদের খেলা ১০০ টেস্টে জিতেছে মাত্র ৯টিতে। তাই এটা (সাকিবের মন্তব্যটি) খুব বেশি সাহসী ভবিষ্যদ্বাণী। তবে অবশ্যই এই মুহূর্তে তারা নিজেদের দক্ষতার ওপর ভীষণ আত্মবিশ্বাসী।’

ঘরের মাঠে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস দুর্দান্ত। সেটা অজানা নয় স্মিথেরও, তাই বাংলাদেশকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি, ‘তারা ঘরের মাঠে খেলবে। প্রায় সব দলই ঘরের মাঠে ভালো খেলে। নিজেদের মাঠে বাংলাদেশও দুর্দান্ত এক দল। সবকিছু মিলিয়ে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমাদের জন্য।’ অনেক ব্যাখ্যা ও যুক্তি শেষে শেষ পর্যন্ত স্মিথ বললেই ফেললেন, ‘হ্যাঁ, (সাকিবের) এই মন্তব্যে আমি বেশ অবাক হয়েছি।’

যার মন্তব্য নিয়ে এত কথা, সেই সাকিব মিরপুরের ম্যাচ দিয়ে নামছেন নিজের ৫০তম টেস্টে। তার মতো তামিমও পূরণ করবেন ম্যাচের হাফসেঞ্চুরি। বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য দুই ক্রিকেটারের মাইলফলক ম্যাচে তাদের নিয়ে আলাদা করে ভাবতে হচ্ছে স্মিথকে, ‘ওরা খুব ভালো খেলোয়াড়, অনেক অভিজ্ঞ। নিজেদের দিনে তারা ভয়ঙ্কর। অবশ্য এটাও ঠিক তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে কখনও টেস্ট খেলেনি।’ কথাটা শেষ করেই আবার বলতে শুরু করলেন, ‘আমার মনে হয় সাকিব-তামিমের জন্য অন্যরকম চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে আমরা তাদের জন্য কিছু পরিকল্পনা সেরে রেখেছি, আশা করছি এই সিরিজে তাদের আটকে রাখতে পারব।’