মুশফিকের ভাবনায় সাকিব-তামিমের ৫০তম টেস্ট

অনুশীলনে কোচ হাথুরুসিংহের সঙ্গে সাকিব-তামিম-মুশফিক। ছবি-বিসিবিগত এক দশকে বাংলাদেশের সাফল্যে বড় অবদান সাকিব আল হাসান আর তামিম ইকবালের। মাঠের ভেতরে দুজনের যেমন দারুণ বোঝাপড়া, তেমনই মাঠের বাইরে দুজনে ঘনিষ্ঠ বন্ধু। দুই বন্ধুর জন্য রবিবার বিশেষ একটি দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট সাকিব-তামিম দুজনের ক্যারিয়ারেরই ৫০তম টেস্ট। দুই তারকার মাইলফলকের ম্যাচ স্মরণীয় করে রাখার সংকল্প মুশফিকুর রহিমের কণ্ঠে। 

শনিবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসের দুই সেরা ক্রিকেটারের ৫০তম টেস্ট। আমরা ভালো খেলে দুজনকে সম্মান জানানোর চেষ্টা করবো। তারা বাংলাদেশকে অনেক দিয়েছে, ভবিষ্যতেও দেবে। চেষ্টা থাকবে তাদের মাইলফলকের ম্যাচ ভালোভাবে উদযাপন করার।’

তামিম শুধু ব্যাটসম্যান হলেও সাকিবকে একটু বেশিই দায়িত্ব পালন করতে হয়। সাফল্যের জন্য বিশ্বসেরা অলরাউন্ডারের বাঁহাতি স্পিনের দিকেও তাকিয়ে থাকে বাংলাদেশ। সাকিব দলে থাকায় মুশফিক বেশ নির্ভার, ‘সাকিবের মতো  বিশ্বমানের অলরাউন্ডার আমাদের একজন বাড়তি বোলার বা ব্যাটসম্যান খেলানোর বিলাসিতা দিতে পারে। তবে ২০-৩০ ওভার বোলিং করে বলে তাকে আরও ওপরে ব্যাটিংয়ে পাঠানো কঠিন। সাকিবের কঠোর পরিশ্রমের কথাও কিন্তু মাথায় রাখতে হবে।’