দলীয় ১০ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়েছিল বাংলাদেশ। প্যাট কামিন্সের ওই ধাক্কা সামলে ওঠে তারা সাকিব ও তামিমের জুটিতে। নিজেদের ৫০তম টেস্টকে স্মরণীয় করে রাখেন তারা একশ ছাড়ানো জুটিতে। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৫৫ রান। দুই ‘বন্ধু’র এ জুটি মুগ্ধ করেছে লিওনকেও, ‘তারা দুইজন খুব সাহসী ব্যাটিং করেছে। তারা ম্যাচকে এগিয়ে নিয়েছে, এমন কন্ডিশনে যেভাবে নেওয়া উচিত। এ উইকেটে যদি একসঙ্গে ভালো জুটি গড়তে পারে কেউ, তাহলে ভালো একটা স্কোর হয়।’
তামিমকে ৭১ রানে ফিরিয়ে ওই জুটি ভেঙেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। পরে সাকিব ৮৪ রানে উইকেট দিয়েছেন লিওনকে। দুজনই প্রশংসা পেলেন এ অফ স্পিনারের কাছ থেকে, ‘আমি এখানে বসে তাদের কৃতিত্ব দিতে চাই। তারা দুজন ভালো খেলোয়াড়। তারা অসাধারণ কিছু শট খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের প্রাণখোলা অভিবাদন জানাই। এখন আমাদের প্রথম ইনিংস সামলে নিতে হবে, দেখা যাক কী হয়।’
এর আগে ২৪৮ উইকেট নিয়ে এতোদিন অস্ট্রেলিয়ান স্পিনারদের শীর্ষ তালিকায় ছিলেন বেনো। ঢাকা টেস্টের প্রথম দিন তাকে টপকে গেলেন লিওন। এখন তার সামনে শুধু ৭০৮ টেস্ট উইকেট নেওয়া স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।
অস্ট্রেলিয়ার দ্বিতীয় শীর্ষ স্পিনারের জায়গায় বসার পর অনুভূতির লাগাম টেনে ধরেছেন ২৯ বছর বয়সী এ অফ স্পিনার, ‘এখনই বলতে পারি যে আমি কখনও শেন ওয়ার্নকে টপকাতে পারব না। আর আমি সবসময় বলেছি ব্যক্তিগত সফলতার জন্য খেলি না আমি।’ লিওন আরও বলেছেন, ‘রিচি বেনো ছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট ও সারা বিশ্বের লিজেন্ড। উইকেটের হিসাবে তাকে টপকে যাওয়া বিশেষ কিছু।’