‘সাকিব ভাই ওনলি ওয়ান’

সাকিবের সঙ্গে মিরাজবাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিন সংস্করণেই বিশ্বসেরা। এমন এক ক্রিকেটারের সঙ্গে খেলে রোমাঞ্চিত হতে চাইবেন যে কেউই। মেহেদী হাসান মিরাজও এর বাইরে নন। বরং নিজে অলরাউন্ডার হওয়ায় সাকিব তার কাছে আদর্শ। সেই আদর্শের সঙ্গে মাঠে খেলতে পারার অনুভূতি প্রকাশ করতে গিয়ে তরুণ এই অলরাউন্ডার বলেছেন, ‘সাকিব ভাই ওনলি ওয়ান।’

সাকিবের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিজেকে আরও পরিণত করছেন বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিরাজ। বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে খেলতে পেরে নিজেকে ধন্য মনে করছেন তিনি, ‘সাকিব ভাই তিন সংস্করণেই অলরাউন্ডার হিসেবে দাপট দেখাচ্ছেন। ভালো লাগে যে নিজের দেশের এমন একজন ক্রিকেটার আছেন, যার সঙ্গে খেলতে পারছি। খুব ভালো লাগে। তার কথা বলে শেষ করা যাবে না। আমরা সবাই জানি সাকিব ভাই ওনলি ওয়ান।’

বাংলাদেশের হয়ে অনেক বিরল রেকর্ড গড়ার কৃতিত্ব আছে সাকিবের। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ম্যাচ দিয়ে টেস্ট খেলুড়ে ৯ দেশের বিপক্ষে ৫ বা তার বেশি উইকেট নেওয়ার অনন্য এক রেকর্ড গড়েছেন তিনি। বিশ্বের সেরা অলরাউন্ডের এসব কীর্তি মিরাজকে অনুপ্রেরণা জোগায়, ‘আমার কাছে খুব ভালো লাগছে যে উনি এত রেকর্ড গড়েছেন, আর আমি তার সঙ্গে খেলছি- ভাবতেই শিহরিত হই। অনেক অভিজ্ঞতা উনি ভাগাভাগি করেন আমাদের সঙ্গে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাদের কাজে দেবে।’

মিরাজ যখন বয়সভিত্তিক দলের হয়ে মাঠ মাতিয়ে বেড়াতেন, তখনই অনেকে তার মাঝে খুঁজে পেয়েছিলেন ভবিষ্যতের সাকিবের দেখা। দুই জনের জায়গাটা প্রায় একই রকম হলেও আন্তর্জাতিক ক্রিকেটের পথচলার শুরুটা একেবারে উল্টো। অভিষেকের পর শুরুর দিকে সাকিব ব্যাট হাতে বেশি সফল হলেও বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। মিরাজ এখানে উল্টো। বয়সভিত্তিক দলে ব্যাট হাতে ব্যাটসম্যানদের বেশি শাসন করলেও জাতীয় দলে এসে আবার বল হাতেই দায়িত্ব পালন করছেন বেশি। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে  প্রথম ইনিংসে ব্যাট হাতে ভালো কিছুর আভাস দিয়েছিলেন মিরাজ, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্তের বলি হয়ে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে।