২০০৮ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট অভিষেক হয়েছিল তামিমের। অভিষেকেই জোড়া হাফসেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। ডানেডিনে ওই ম্যাচের দুই ইনিংসে তামিমের রান ছিল ৫৩ ও ৮৪। পরেরটি করেছিলেন দুই বছর পর; ২০১০ সালে। মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে তিনি খেলেন ৮৫ ও ৫২ রানের ইনিংস। একই বছর লর্ডসে সেঞ্চুরি করে অনার্স বোর্ডে নামও তুলে ফেলেন তামিম। ‘ক্রিকেটের মক্কা’য় প্রথম ইনিংসে ৫৫ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ১০৩ রানে।
চতুর্থ জোড়া হাফসেঞ্চুরির জন্য তামিমকে অপেক্ষা করতে হয়েছে তিন বছর। ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে ৯৫ ও ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। ২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে প্রথম ইনিংসে ১০৯ ও দ্বিতীয় ইনিংসে ৬৫ রান করেন বাংলাদেশের সবচেয়ে সফল ব্যাটসম্যান।