চট্টগ্রাম টেস্টে নেই হ্যাজলউড

মাঠ ছাড়ছেন হ্যাজলউডচট্টগ্রাম টেস্টের আগে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। জশ হ্যাজলউডকে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে পাচ্ছে না তারা। এমনকি ভারতেও দলের সঙ্গী হতে পারবেন না এ ডানহাতি পেসার। বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারে ৩১তম টেস্ট খেলা হ্যাজলউড প্রথমবার কোনও ম্যাচে দর্শক হতে যাচ্ছেন।

তৃতীয় দিন মাত্র ৭টি বল করতে পেরেছেন হ্যাজলউড। মঙ্গলবার নিজের দ্বিতীয় ওভারের প্রথম বল করার পর চোটে আক্রান্ত হন তিনি। অধিনায়ক স্টিভেন স্মিথের সঙ্গে আলোচনা করে প্রাথমিক চিকিৎসার জন্য মাঠ ছাড়েন। ওভারের বাকি বল করেন অ্যাস্টন অ্যাগার।

দিন শেষ হওয়ার পর অস্ট্রেলিয়ার ম্যানেজমেন্ট জানায়, চতুর্থ দিন যদি ব্যাট করার প্রয়োজন পড়ে তবেই আবার মাঠে নামানো হবে হ্যাজলউডকে। ম্যাচ শেষে তাকে ফেরত পাঠানো হবে দেশে। সেরে উঠতে এক মাসের মতো সময় লাগবে। এজন্য অক্টোবর-নভেম্বরে ভারতে ওয়ানডে সিরিজও খেলতে পারবেন না তিনি।

হ্যাজলউডের বদলে চট্টগ্রাম টেস্টে কাকে খেলানো হবে সেটা নিশ্চিত করেনি নির্বাচকরা। তবে সম্ভাব্য নাম শোনা যাচ্ছে জ্যাকসন বার্ডের, যিনি দলের সঙ্গেই আছেন।

মিরপুর টেস্টে হ্যাজলউডের সঙ্গে প্যাট কামিন্স ছিলেন আরেক পেসার। চট্টগ্রাম টেস্টে তাকে খুব মিস করবেন কামিন্স, ‘তার জায়গা পূরণ করা সত্যিই কঠিন হবে। গত ৩০ টেস্টের সবগুলোতেই দলে ছিল সে। এবার দেশে বসে দলের খেলা দেখা তার জন্য অনেক কষ্টের হবে। গত তিন থেকে চার বছরে এ অভিজ্ঞতা তার হয়নি।’