গত বছর অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলেছিল বাংলাদেশ। চট্টগ্রামে প্রথম টেস্ট মাত্র ২২ রানের জন্য হেরে যায় স্বাগতিকরা। কিন্তু ঢাকায় ফিরে ঐতিহাসিক জয় ধরা দেয়। ১০৮ রানের বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারায় তারা।
ক্রিকেটের জন্ম যে দেশে, সেই দেশকে প্রথমবারের মতো টেস্টে হারানোটা অবশ্যই বাংলাদেশের জন্য ঐতিহাসিক ব্যাপার হয়েই ছিল এতদিন। এরপর এলো তাদের শততম টেস্ট। কলম্বোতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ওই মাইলফলকের ম্যাচটিও স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ। এ দুই জয়ের মতো টাইগারদের বাকি ৭ জয় নিয়ে এতটা মাতামাতি হয়নি।
ওখানেই শেষ নয়। শ্রীলঙ্কার পর বাংলাদেশের সামনে অস্ট্রেলিয়াও হার মানলো। সাকিব-তাইজুলদের ঘূর্ণিতে চোখে সরষে ফুল দেখলো অস্ট্রেলিয়া। আর এমন ধারাবাহিক সফলতার পেছনে বিশ্বাসই ছিল আসল, যা মনের মধ্যে দৃঢ়ভাবে আসন গড়েছিল ইংল্যান্ডকে হারানোর পর।
দুই পরাশক্তিকে হারানোর পর সাকিবকে স্বাভাবিকভাবে একটি প্রশ্নের মুখোমুখি হতে হলো- কোন জয় গুরুত্বপূর্ণ। ম্যাচসেরা এ অলরাউন্ডার কোনোটিকেই পিছিয়ে রাখলেন না, ‘দুটোই আসলে গুরুত্বপূর্ণ। ইংল্যান্ডের সঙ্গে জিতেই আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে। আবার শ্রীলঙ্কা জয়ও বড় অর্জন। শ্রীলঙ্কায় কিন্তু ভারত ছাড়া খুব বেশি ভালো কেউ করেনি। বাইরে জিততে পারি, এটাও আমাদের জন্য বড় ব্যাপার ছিল।’
টেস্টে বাংলাদেশের ১০টি জয়কেই সমান গুরুত্ব দিতে চান সাকিব, ‘সব জয়ই গুরুত্বপূর্ণ। একটা টেস্ট ম্যাচ খেলা কতটা গুরুত্বপূর্ণ, কতটা চ্যালেঞ্জিং আমরা সবাই সেটা জানি। আমার কাছে প্রতিটি টেস্ট ম্যাচই অন্যরকম আবেগের।’