১০০ রানের লিড চান ওয়ার্নার

সেঞ্চুরির পর ওয়ার্নারের উদযাপনতৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার স্কোরবোর্ড ৩৭৭/৯। প্রথম ইনিংসে ৩০৫ রান করা বাংলাদেশের চেয়ে তারা এখন এগিয়ে ৭২ রানে। সিরিজ বাঁচাতে প্রথম ইনিংসে এ লিডকে যথেষ্ট মনে করছেন না ইনিংস সেরা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। অন্তত ১০০ রানের লিড চান এ অসি ওপেনার।

ক্যারিয়ারের ২০তম সেঞ্চুরি করে স্টিভ ওয়াহ ও বর্তমান অধিনায়ক স্টিভেন স্মিথকে স্পর্শ করেছেন ওয়ার্নার। বাংলাদশের মাটিতে টানা দুই টেস্টে সেঞ্চুরি করলেন তিনি। তবে দল না জিতলে এ সেঞ্চুরি মূল্যহীন বলছেন সহঅধিনায়ক, ‘সেঞ্চুরিটা আমার জন্য সন্তোষজনক। কিন্তু দিন শেষে আমরা এখানে এসেছি জিততে। আমার দলকে যতটা পারা যায় রান এনে দেওয়ার চেষ্টা করেছি, বাকিরাও সেই চেষ্টা করেছে। এই মুহূর্তে আমরা ৭২ রানে এগিয়ে। আমি মনে করি কাল সকালে আমাদের আরও চেষ্টা করে যেতে হবে, সম্ভবত ১০০ রানের লিড পেলে ভালো।’

মোস্তাফিজের প্রশংসা করে ওয়ার্নার বলেছেন, ‘আমার মতে সে খুব ভালো একজন খেলোয়াড়। বাংলাদেশের উচিত তার দেখভাল করা। যখন দুই-একটি টেস্ট কিংবা ওয়ানডে সামনে আছে, তখন আপনার এক নম্বর বোলারের যত্ন অবশ্যই নেওয়া উচিত। সে ব্যতিক্রমী এক প্রতিভা।’