লিওনের কাছে স্টাম্পিং তামিম

267541৭২ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছিল। কিন্তু দুই ওপেনারের ব্যাট হাসলো না। সৌম্য সরকার মাঠ ছাড়ার কিছুক্ষণ পর তামিম ইকবাল হতাশ করলেন। ঘরের দর্শকদের সামনে আরও একটি অস্বস্তিকর ইনিংস খেলে বিদায় নিলেন তিনি। নাথান লিওনের বলে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তামিম। ২ উইকেটে ৩২ রান করেছে স্বাগতিকরা।

পুরো সিরিজে সৌম্য নিজেকে মেলে ধরতে পারেননি। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ইনিংসে মাত্র ৯ রানে প্যাট কামিন্সের বলে ম্যাট রেনশর ক্যাচ হন বাংলাদেশি ওপেনার। ১১ রানে স্বাগতিকদের উদ্বোধনী জুটি ভাঙে অসিরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তার সর্বোচ্চ রান ৩৩, চট্টগ্রামে প্রথম ইনিংসে। ঢাকা টেস্টে ৮ ও ১৫ রান করেছিলেন সৌম্য।

এরপর তামিম ৩৮ বল খেলে ১২ রানের বেশি করতে পারেননি। দুটি চার রয়েছে তার ইনিংসে। প্রথম ইনিংসে মাত্র ৯ রান করেছিলেন তিনি।

৯ উইকেটে ৩৭৭ রানে বৃহস্পতিবার চতুর্থ দিনের খেলা শুরু করেছিল অসিরা। নাথান লিওন ও স্টিভ ও’কিফের শেষ জুটি আর কোনও রান করতে পারেননি। রানের খাতা না খুলেই উইকেট হারায় তারা।

প্রথম ওভার সাকিব আল হাসান রান করতে দেননি ও’কিফকে। পরের ওভারে মোস্তাফিজুর রহমান বল হাতে নেন। লিওন তার চারটি বল সামলে নিলেও পঞ্চম বলে ইমরুল কায়েসকে ক্যাচ দেন। ৩৭৭ রানেই অলআউট অস্ট্রেলিয়া। 

বাংলাদেশের ৩০৫ রানের জবাবে অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নারের ১২৩ রান ও পিটার হ্যান্ডসকম্বের ৮২ রানে তারা সাড়ে তিনশ’র উপর রান করে।

মোস্তাফিজ সর্বোচ্চ ৪ উইকেট নেন। ৩টি পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।