অ্যান্ডারসনের কীর্তিতে সিরিজ ইংল্যান্ডের

জেমস অ্যান্ডারসন ৪২ রানে নিয়েছেন ৭ উইকেট৫০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আগের দিন। লর্ডস টেস্টের তৃতীয় দিনে আবার করলেন ক্যারিয়ারসেরা বোলিং। ৪২ রানে ৭ উইকেট তুলে নিয়ে জেমস অ্যান্ডারসন সঙ্গে গড়লেন নতুন এক রেকর্ডও। গত ১০৪ বছরে তার চেয়ে বেশি বয়সে বোলিংয়ে এমন সাফল্য পাননি আর কেউই। এই পেসারের রেকর্ড গড়া টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড, যাতে ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে স্বাগতিকরা।

তিন দিনেই শেষ হয়ে গেছে লর্ডস টেস্ট। অ্যান্ডারসনের বিষাক্ত পেসে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য ইংল্যান্ডের লক্ষ্য ঠিক হয় ১০৭ রান। জবাবে অ্যালিস্টার কুকের (১৭) উইকেটটি হারিয়ে ৯ উইকেটের জয় নিশ্চিত করে ইংলিশরা।

লডর্স টেস্টে খেলতে নেমেছিলেন অ্যান্ডারসন ৩৫ বছর ৩৯ দিনে। এত বয়সে বোলিংয়ে এমন সাফল্য পায়নি কেউ গত ১০৪ বছরে। ১৯১৩ সালে ৪০ বছর ২৫১ দিনে ৫৬ রানে ৮ উইকেট পেয়েছিলেন সিডনি বার্নস, তারপর এত বছরে এসে অ্যান্ডারসন পেলেন এমন সাফল্য।

তার তাণ্ডবে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১০৭ রানের লক্ষ্য দিতে পারে ইংলিশদের। যে লক্ষ্য চমৎকার ব্যাটিংয়ে টপকে গেছেন মার্ক স্টোনম্যান (৪০*) ও টম ওয়েস্টলি (৪৪*)। ক্রিকইনফো