দক্ষিণ আফ্রিকা টেস্টে ফিরলেন মাহমুদউল্লাহ, বাদ নাসির

মাহমুদউল্লাহঅস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ছিলেন না মাহমুদউল্লাহ। ঘরের মাঠের সিরিজ মিস করা এই অলরাউন্ডার আবারও ফিরলেন টেস্ট স্কোয়াডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের ১৫ জনের স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনি। তবে কপাল পুড়েছে নাসির হোসেনের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টেই খেলা এই অলরাউন্ডার নেই দক্ষিণ আফ্রিকা সফরে।

বাংলাদেশের ব্যস্ত ক্রিকেট মৌসুমের শুরু হয়ে গেছে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই। এবার টাইগারদের মিশন দক্ষিণ আফ্রিকায়। ১৬ সেপ্টেম্বর পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সাকিব আল হাসানের ৬ মাসের বিশ্রামের আবেদনে প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে তিন মাসের ছুটি মঞ্জুর করেছে। সেই কারণে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টের সিরিজে স্কোয়াডে নেই তিনি। তবে প্রথম টেস্টে না থাকলেও দ্বিতীয় টেস্টে সাকিব চাইলেই একাদশে ফিরবেন পারবেন- এমন অপশন রেখে সোমবার মিরপুর স্টেডিয়ামে দুই টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে দলে জায়গা পাননি মাহমুদউল্লাহ। সাকিবের বিশ্রাম আবার খুলে দিয়েছে তার টেস্ট দলের দরজা। অভিজ্ঞতার কথা মাথায় রেখে সাকিবের অনুপস্থিতিতে মাহমুদউল্লাহকে টেস্টে ফেরানো হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, ‘দেশের বাইরে মাহমুদউল্লাহ ভালো ব্যাটিং করে। ফাস্ট ট্র্যাকে তার ব্যাটিং করার স্কিল ভালো বলেই আমরা তার ওপর আস্থা রেখেছি। আশা করি এখানে (দক্ষিণ আফ্রিকায়) সে ভালো করবে।'

মাহমুদউল্লাহর সঙ্গে দলে ফিরেছেন রুবেল হোসেন ও শুভাশীষ রায়। দক্ষিণ আফ্রিকার সিমিং কন্ডিশনের কথা মাথায় রেখে ফেরানো হয়েছে তাদের। সব মিলিয়ে স্কোয়াডে পাঁচ পেসারের পাশাপাশি স্পিনার দুজন। অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে খেলা বেশিরভাগ খেলোয়াড়ই আছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে।

বাদ পড়েছেন অবশ্য নাসির হোসেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ব্যাট-বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি বলেই হয়তো কপাল পুড়েছে তার। যদিও তার মতো পারফরম করেও দক্ষিণ আফ্রিকা সফরে টিকে গেছেন অনেকেই!
দুই টেস্টের স্কোয়াড: মুশফিকুর রহিম, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুমিনুল হক, সৌম্য সরকার, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শুভাশীষ রায় ও শফিউল ইসলাম।