জাতীয় লিগে আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। সেটা বেড়ে বর্তমানে হয়েছে ৩৫ হাজার টাকা। ভ্রমণ ভাতা আগে যেখানে ২ হাজার টাকা করে দেওয়া হতো, এই আসরে সেটা ২ হাজার ৫০০ টাকা করা করা হয়েছে। অন্যদিকে দৈনন্দিন ভাতা ১৫০০ টাকার বদলে এবার দেওয়া হবে ২০০০ টাকা করে।
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদ সম্মেলনে বলেছেন, ‘এ বছর আগের আসরগুলোর চেয়ে ম্যাচ ফি বেড়েছে। আগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার টাকা। সেটা ৩৫ হাজার টাকা করা হয়েছে। ভ্রমণ ভাতাও বেড়েছে।’
গত বছর দুই লিগ পদ্ধতির এই প্রতিযোগিতার প্রথম স্তরের শেষ দল ঢাকা মেট্রো দ্বিতীয় স্তরে নেমে গেছে। আর দ্বিতীয় স্তরের প্রথম দল রংপুর বিভাগ উঠে এসেছে প্রথম স্তরে।
দুই বছর আগে বিসিবি জাতীয় লিগকে আকর্ষনীয় ও জমজমাট করতে দুই স্তরে ভাগ করেছিল। সেই ধারাবাহিকতায় ১৭তম ও ১৮তম আসরে দুই স্তরে অনুষ্ঠিত হয়। কিন্তু যে উদ্দেশ্যে জাতীয় লিগকে দুই স্তরে করা, সেই প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল খুঁজে না পাওয়ার কারণে হতাশ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, ‘যে উদ্দেশ্য নিয়ে দ্বি-স্তর কাঠামো করেছিলাম, সেটা এখনেও পাইনি। হয়তো সময় লাগবে। আশা করি সামনে আমরা এর সুফল দেখতে পাব।’
চলতি মৌসুমের প্রথম স্তরের দলগুলো হচ্ছে- বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ ও ঢাকা বিভাগ। দ্বিতীয় স্তরের দলগুলো হচ্ছে- রাজশাহী বিভাগ, ঢাকা মেট্রো, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগ।