অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে একেবারেই সুবিধা করতে পারেননি নাসির। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে অবশ্য ৪৫ রানের কার্যকরী একটা ইনিংস খেলছিলেন তিনি। দুই টেস্ট মিলিয়ে ৭৩ রান করা এই নাসিরের বাদ পড়ার কারণ ব্যাখ্যায় কম্বিনেশন ও কন্ডিশনের বিষয় সামনে এনেছেন নান্নু।
প্রধান নির্বাচকের ব্যাখ্যাটা এমন, ‘আমরা কিন্তু দুইভাবে ক্রিকেট খেলি। হোমে একরকম, বিদেশে একরকম। এই ভারসাম্য রাখতেই আমরা দুইভাবে চিন্তা করি। আমাদের একটা পুল আছে, সেখান থেকেই আমরা খেলোয়াড়দের অন্তর্ভুক্ত করছি অথবা বাদ দিচ্ছি।’ এরপরই বলেছেন আসল কথা, ‘এখানে দলের পরিকল্পনা, কন্ডিশন ও কম্বিনেশনের চিন্তা করেই বাদ দেওয়া হয়েছে নাসিরকে। বাউন্সি উইকেটে ব্যাটিং সক্ষমতার কথা চিন্তা করে ওকে বাদ দেয়া হয়েছে।’
নাসির ছিটকে গেলেও কপাল খুলেছে মাহমুদউল্লাহর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের শততম টেস্টে বাইরে থাকা এই অলরাউন্ডারের খেলা হয়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ সিরিজেও। তিন ম্যাচ শেষে আবার তিনি ফিরেছেন পাঁচ দিনের ক্রিকেটে।