পাকিস্তানে আরও দল পাঠাতে চায় আইসিসি

লাহোরে সংবাদ সম্মেলনে নাজাম শেঠীর সঙ্গে আইসিসির প্রধান নির্বাহী রিচার্ডসনবিশ্ব একাদশের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ প্রায় শেষ। কোনও ধরনের অপ্রীতিকর অবস্থার মুখোমুখি হয়নি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর প্রথম পদক্ষেপ। আগামী বছর কোনও পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের আশা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অন্তত আগামী দুই বছরে বিশ্ব একাদশের বিপক্ষে আরও দুটি সিরিজ খেলতে চায় তারা। অবশ্য আইসিসি একধাপ এগিয়ে যেতে চায়, কোনও পূর্ণ সদস্য দেশকে তারা পাঠাতে চায় পাকিস্তানে।

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন সুষ্ঠভাবে করতে আর্থিক বিনিয়োগ করছে আইসিসি। আন্তর্জাতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিতে রেগ ডিকাসন ও নিকোলস স্টেইনের নিরাপত্তা প্রতিষ্ঠানকে ১.১ মিলিয়ন ডলার দেবে ক্রিকেটের সর্বোচ্চ প্রতিষ্ঠান।

গত বুধবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি দেখতে লাহোরে গিয়েছিলেন আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন। সেখানে তিনি জানালেন পূর্ণ সদস্য দেশগুলোকে পাঠানোর বিষয়টিকে প্রাধান্য দেওয়ার কথা, ‘তিন বছরের জন্য নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে আইসিসি এরই মধ্যে বিনিয়োগের ব্যাপারে সম্মতি দিয়েছে। তবে পাকিস্তানে শুধু বিশ্ব একাদশ নয়, আরও বেশি বেশি পিএসএল ম্যাচ সেখানে হবে আশা করি। পাকিস্তান সফরে আরও পূর্ণ সদস্য দেশকে আনার ইচ্ছা আছে। স্বাভাবিক পরিস্থিতিতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর এটাই উপযুক্ত পদক্ষেপ হবে।’

বিশ্ব একাদশের বিপক্ষে সিরিজ কোনও সমস্যা ছাড়া শেষ হলে আগামী ২৯ অক্টোবর টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি পাকিস্তানে খেলবে শ্রীলঙ্কা। নভেম্বরে সেখানে তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের। ক্রিকইনফো