৬৮ রানে শুক্রবার মাঠে নামেন আমলা। প্রথম সেশনের পুরোটা সময় এলগারের সঙ্গে দাপট দেখান এ ডানহাতি ব্যাটসম্যান। পেয়ে যান ক্যারিয়ারের ২৭তম সেঞ্চুরি। দেশের সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় আমলা ১৪৩ বল খেলে স্পর্শ করেছেন গ্রায়েম স্মিথকে। এখন কেবল তার সামনে জ্যাক ক্যালিস (৪৫)।
তবে দ্বিতীয় সেশনে এসে শফিউল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজের ক্যাচ হন আমলা। তার ১৩৭ রানের ইনিংস ছিল ২০০ বলের, ১৭ চার ও ১ ছয়ে সাজানো। আউট হওয়ার আগে এলগারের সঙ্গে ২১৫ রানের জুটি গড়েন আমলা।
১২৮ রানে দ্বিতীয় দিন খেলতে নেমে এলগার প্রথম ডাবল সেঞ্চুরির হাতছানি পাচ্ছেন। এরই মধ্যে ক্যারিয়ার সেরা রান করে ফেলেছেন প্রোটিয়া এ ওপেনার। গত মার্চে ডুনেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৪০ রান করেছিলেন প্রোটিয়া ওপেনার। বাংলাদেশের বিপক্ষে সেটাকে ছাড়িয়ে প্রথমবার রান করেন ১৫০ এর ঘরে।
প্রথম টেস্টের শুরুর দিনটা চওড়া হাসি নিয়েই শেষ করেছিল স্বাগতিকরা। আর বাংলাদেশকে ডুবতে হয় হতাশায়। এলগারের সেঞ্চুরি ও এইডেন মারক্রামের (৯৭) ১৯৬ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর এলগারের সঙ্গে আমলার দায়িত্বশীল ব্যাটিংয়ে ১ উইকেটে ২৯৮ রানে প্রথম দিন শেষ করে প্রোটিয়ারা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম