সবুজ উইকেটে মোস্তাফিজের স্বস্তি

মোস্তাফিজুর রহমানপ্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে কোনও প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। মাত্র ৯০ রানে অলআউটের লজ্জা পেয়ে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে ৩৩৩ রানের বিশাল ব্যবধানে। পচেফস্ট্রুমের ধাক্কা কাটিয়ে ব্লুমফন্টেইনে খেলার প্রস্তুতি নিচ্ছে টাইগাররা। আগামী শুক্রবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের উইকেট নিয়ে সন্তুষ্ট মোস্তাফিজুর রহমান। সবুজ উইকেট আশাবাদী করে তুলেছে বাংলাদেশের বাঁহাতি পেসারকে।

পচেফস্ট্রুম টেস্টের উইকেট নিয়ে আলোচনা হয়েছে প্রথম দিন থেকে। বোলারদের জন্য চরম হতাশার উইকেটে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে মাত্র এক উইকেট হারিয়ে তুলেছিল ২৯৮ রান। বাংলাদেশ তো বটেই, প্রোটিয়া অধিনায়ক ফাফ দু প্লেসিসও উইকেট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। দক্ষিণ আফ্রিকার উইকেট যেমন হয়, সেটা না পাওয়াতেই ছিল তার হতাশা। বাংলাদেশের পেসারদের হতাশা ছিল আরও বেশি। বাউন্সি উইকেটে নিজেদের প্রমাণের সুযোগই পাননি মোস্তাফিজ, তাসকিন আহমেদ কিংবা শফিউল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের উইকেট দেখে খুশি মোস্তাফিজ।

বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন কাটার-মাস্টার। তার কাছে জানতে চাওয়া হয়েছিল ব্লুমফন্টেইনের পিচ সম্পর্কে। মোস্তাফিজ বলেছেন, ‘পিচ সেভাবে দেখা হয়নি। তবে আগের টেস্টের চেয়ে এই পিচ অনেকটা সবুজ। পেসারদের জন্য ভালো হবে।’ তিনি নিজে অবশ্য উইকেট নিয়ে খুব একটা ভাবেন না। তার ভাবনায় থাকে শুধু দল, ‘উইকেট দেখে খুশি হই, ব্যাপারটা এমন নয়। আবার বল খুব জোরে যাবে এ জন্যও যে খুশি হবো, বিষয়টা এমনও নয়। আমার কাজ কীভাবে ভালো খেলবো, কিংবা কী করলে দলের উপকার হবে, সেটাই।’

পচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশের তিন পেসারের মধ্যে সবচেয়ে সফল ছিলেন মোস্তাফিজ। প্রথম ইনিংসে এক উইকেটের পর দ্বিতীয় ইনিংসে তিনি নেন দুই উইকেট। নিজের পারফরম্যান্স নিয়ে তার মূল্যায়ন, ‘উইকেটটা ছিল স্লো, আর আমরা ওদের মতো অত জোরেও বোলিং করিনি। আমি শুধু নিজের ভেরিয়েশন আর কাটার নিয়ে কাজ করার চেষ্টা করেছিলাম।’