মেসিকে থামাতে ‘বিশেষ’ পরিকল্পনা নেই পেরুর

আর্জেন্টিনার অনুশীলনে মেসিখেলাটা যখন লিওনেল মেসির বিপক্ষে, তখন প্রতিপক্ষ দলের সব কোচের পরিকল্পনাই থাকে তাকে থামানোর। সেটা যেমন ক্লাব ফুটবলে, তেমনি জাতীয় দলের ম্যাচে। পেরুর কোচ রিকার্দো গারেকার অবশ্য ‘বিশেষ’ কোনও পরিকল্পনা নেই মেসিকে থামানোর জন্য। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের বাঁচা-মরার ম্যাচে আর্জেন্টিনার মাঠ থেকে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার লক্ষ্যের কথাও শুনিয়েছেন পেরুর কোচের।

আর্জেন্টিনার বিশ্বকাপে খেলার সম্ভাবনা ঝুলছে সুতোয়। লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে পঞ্চম স্থানে থাকায় সরাসরি রাশিয়ার ফুটবল মহাযজ্ঞে খেলার জায়গায় নেই তারা। কঠিন এই অবস্থায় বাঁচা-মরার লড়াইয়ে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে পেরুর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ওই ম্যাচটা আলবিসেলেস্তেদের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই পেরুর জন্য। দুদলের সমান ২৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ স্থানে রয়েছে পেরু।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে নামার আগের পেরুর সবচেয়ে বেশি দুশ্চিন্তা হওয়ার কথা মেসিকে নিয়ে। বার্সেলোনার জার্সিতে দুর্দান্ত ফর্মে থাকা এই ফরোয়ার্ডকে গত সপ্তাহান্তের লিগ ম্যাচে ম্যান মার্কিংয়ে রেখেছিল জিরোনা। যদিও পেরুর কোচের ‘বিশেষ’ কোনও পরিকল্পনা নেই তাকে নিয়ে। সংবাদ সম্মেলনে গারেকা বলেছেন, ‘আমরা সাধারণত ম্যান মার্কিংয়ে রাখি না কোনও খেলোয়াড়কে। তাকে নিয়ে আমরা বিশ্লেষণ করেছি, তবে এটা (ম্যান মার্কিং) করা হবে না।’ সঙ্গে যোগ করলেন, ‘(মেসি) এমন এক খেলোয়াড় যাকে থামানো যায় না। এটা আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার যে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে আছি (পয়েন্ট টেবিলে) এবং মুখোমুখি হতে যাচ্ছি আর্জেন্টিনার বিপক্ষে, যে দলে আছে বিশ্বের সেরা খেলোয়াড়রা।’

আর্জেন্টিনার প্রশংসাও ঝরল পেরুর কোচের মুখে, ‘আমাদের বিবেচনায় আর্জেন্টিনা বিশ্বের সেরা জাতীয় দল। ওদের দলে আছে দুর্দান্ত সব খেলোয়াড়।’ সঙ্গে নিজেদের লক্ষ্যের কথাও শুনিয়ে রাখলেন তিনি, ‘যদিও আমরা জয় নিয়ে মাঠ ছাড়তে বদ্ধপরিকর, কারণ এখন এটা নিয়েই ভাবছি।’ ইএসপিএনএফসি