প্রোটিয়া ব্যাটসম্যানদের মোকাবিলা করছেন মোস্তাফিজরা

ব্যাট করছেন এলগারপচেফস্ট্রুম টেস্টে বাংলাদেশি বোলারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। মুশফিকুর রহিম সেটা স্বীকারও করেছেন। আর তাই বাদ পড়তে হলো প্রথম টেস্টের চার বোলারদের মধ্যে তিনজনকে। চারটি পরিবর্তন নিয়ে ব্লুমফন্টেইনে শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টের মিশনে নেমেছে বাংলাদেশ। টস জিতে ফিল্ডিং নিয়েছে তারা। দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মারক্রামকে মোকাবিলা করছেন দুই পেসার মোস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়। ১৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ৫৬ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা।

ইনজুরিতে দ্বিতীয় টেস্টে নেই তামিম ইকবাল। আগেই বিশ্রাম চেয়ে পেয়েছেন সাকিব আল হাসান। চার বছরে প্রথমবার দুইজনকে ছাড়াই টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর এইদিন দলে বড় পরিবর্তন এনেছে সফরকারীরা।

তামিমের জায়গায় এসেছেন সৌম্য সরকার। এছাড়া আগের টেস্টের তিন বোলার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম জায়গা ধরে রাখতে পারেননি। তাদের বদলে একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ।

প্রথম টেস্টে ব্যাটিং-বোলিং ব্যর্থতায় বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল।

ইনজুরিতে আক্রান্ত মর্নে মরকেলের জায়গায় ওয়েন পারনেলকে নিয়েছে প্রোটিয়ারা।

বাংলাদেশ দল: ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, লিটন দাস, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শুভাশীষ রায়।