সকাল থেকেই বৃষ্টি হয়েছে ব্লুমফন্টেইনে। তাই বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে প্রায় দেড় ঘণ্টা দেরিতে। টাইগারদের বিপক্ষে দিনের খেলা শুরু করেন হামিশ আমলা ও ফাফ দু প্লেসিস।
চরম হতাশায় কেটেছে বাংলাদেশের প্রথম দিন। ব্লুমফন্টেইন টেস্টে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিংয়ে সংগ্রাম করতে হচ্ছে সফরকারী বোলারদের। প্রথম দিনেই প্রোটিয়ারা স্কোরে জমা করেছে ৩ উইকেটে ৪২৮ রান। সেই হতাশা ঝেরে নতুন উদ্যেমে দ্বিতীয় দিনের মিশনে মাঠে নেমেছে বাংলাদেশ।
দুই ওপেনার ডিন এলগার ও এইডেন মারক্রাম পেয়েছেন সেঞ্চুরির দেখা। ১১৩ রান করেছেন এলগার। আর টেস্ট ক্যারিয়ারের প্রথম শতক পূরণ করে মারক্রাম খেলেছেন ১৩৩ রানের ইনিংস। তাদের উদ্বোধনী জুটিতেই দক্ষিণ আফ্রিকা পায় ২৪৩ রান। গতকাল তাদের জুটি ভাঙার পর আবার দাঁড়িয়ে গেছেন হাশিম আমলা ও ফাফ দু প্লেসিস।
কঠিন এই চ্যালেঞ্জে আবার বাংলাদেশ প্রথম দিনের বেশিরভাগ সময় ফিল্ডিংয়ে পায়নি ইমরুল কায়েসকে। শুক্রবার স্লিপে ফিল্ডিংয়ের সময় হাঁটুতে আঘাত পান বাংলাদেশি ওপেনার। খালি চোখে চোটটা খুব একটা গুরুতর দেখা না গেলেও দ্বিতীয় দিনেও ইমরুলের ফিল্ডিং করা নিয়ে রয়েছে সংশয়।
চোট এখন বাংলাদেশ দলের বড় ‘শত্রু’। এই চোটের কারণেই দ্বিতীয় টেস্টে নেই তামিম ইকবাল। আগেই বিশ্রাম নেওয়ায় সাকিব আল হাসানও নেই। চার বছরে প্রথমবার দলের দুই সেরা খেলোয়াড়কে ছাড়া টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আর এই দিনই দলে বড় পরিবর্তন এনেছে সফরকারীরা। তামিমের জায়গায় এসেছেন সৌম্য সরকার। এছাড়া আগের টেস্টের তিন বোলার মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম জায়গা ধরে রাখতে পারেননি। তাদের বদলে ব্লুমফন্টেইন টেস্টের একাদশে ঢুকেছেন তাইজুল ইসলাম, রুবেল হোসেন ও শুভাশীষ।
প্রথম টেস্টের ব্যর্থতায় বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। প্রোটিয়াদের দলে পরিবর্তন একটি, ইনজুরিতে আক্রান্ত মরনে মরকেলের জায়গায় ওয়েইন পারনেলকে নিয়েছে স্বাগতিকরা।