রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনা উইকেট হারিয়েছে নিয়মিত বিরতিতে। তবে এনামুল আর নাহিদুলের দৃঢ়তা বিপদে পড়তে দেয়নি বর্তমান চ্যাম্পিয়নদের। ওপেনার এনামুলের ৬১ রানে ছিল ৯টি বাউন্ডারি আর একটি ছক্কা। আট নম্বরে নামা নাহিদুল পাঁচটি বাউন্ডারি ও একটি ছক্কায় সাজিয়েছেন ৫১ রানের ইনিংস।
রংপুরের পক্ষে চারটি করে উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ ও ডানহাতি পেসার আরিফুল হক।
প্রথম স্তরের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছে বরিশাল ও ঢাকা বিভাগ। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৪৯ রানে পিছিয়ে রয়েছে বরিশাল।
ওপেনার রনি তালুকদার (৬৮) ও অধিনায়ক মোহাম্মদ শরীফের (৫৮) হাফসেঞ্চুরিতে টসজয়ী ঢাকা প্রথম ইনিংসে করেছে ২৫০ রান।
৩৮ রানে চার উইকেট নেওয়া সালমান হোসেন বরিশালের সেরা বোলার। মনির হোসেন তিন ও তানভীর ইসলাম নিয়েছেন দুই উইকেট।
জবাবে বরিশাল দ্বিতীয় দিন শেষ করেছে ৬ উইকেটে ২০১ রানে। সোহাগ গাজীর ৭৩ ও নুরুজ্জামানের অপরাজিত ৫১ রানের দৃঢ়তাভরা ইনিংস লড়াইয়ে টিকিয়ে রেখেছে বরিশালকে।
ঢাকার পক্ষে শুভাগত হোম তিনটি এবং মোশারফ হোসেন দুটি উইকেট নিয়েছেন।