রাজশাহীকে লিড এনে দিলো মিজানুরের সেঞ্চুরি

রাজশাহীর লিডে সবচেয়ে বেশি অবদান মিজানুরের৯১ রানে ৬ উইকেট হারানোর পর সিলেটের ভরাডুবি ঠেকান আবুল হাসান। তার হাফসেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২২১ রানের সম্মানজনক স্কোর করে দলটি। তবে মিজানুর রহমানের সেঞ্চুরিতে জাতীয় লিগের দ্বিতীয় স্তরের এই ম্যাচের নিয়ন্ত্রণ রাজশাহীর হাতে।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে দুইদিন পর বৃষ্টির বাধায় পড়েনি সিলেট-রাজশাহীর ম্যাচ। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৯৫ রানে রবিবার মাঠে নামে সিলেট। সেই দলই দুইশ’র উপরে রান তুলেছে আবুলের ৬০ রানের ইনিংসে। আবু জায়েদের ৩৭ রানও উল্লেখযোগ্য। ৭২.৩ ওভারে তারা সব উইকেট হারায় ২২১ রান করে।

রাজশাহীর দেলোয়ার হোসেন বল হাতে সবচেয়ে বেশি ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে ৭ ও ৬২ রানে দুই উইকেট হারায় রাজশাহী। তবে হাল ধরেন মিজানুর ও জুনায়েদ সিদ্দীক। তাদের ব্যাটে ৩ উইকেটে ২৭৯ রানে দিন শেষ করেছে রাজশাহী। ১১৬ বলে সেঞ্চুরি পাওয়া মিজানুর আউট হন ১৪৩ রান করে। ২৪ চার ও ১ ছয় রয়েছে তার ১৬৯ বলের ইনিংসে। জুনায়েদ ৮২ রানে অপরাজিত আছেন। রাজশাহীর লিড ৫৮ রানের।

দ্বিতীয় স্তরের আরেক ম্যাচে ঢাকা মেট্রোর ৩৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে লড়ছে চট্টগ্রাম। ১ উইকেটে ৪১ রানে তৃতীয় দিনের খেলা শুরু করে তারা।

মেট্রোর বোলাররা তাদের সামনে বাধার দেয়াল তৈরি করে। যাতে চট্টগ্রামের কাছ থেকে বড় কোনও স্কোরের সম্ভাবনা দেখা যাচ্ছে না। ৮ উইকেটে ২১৬ রানে দিন শেষ করেছে তারা। সাজ্জাদুল হক ৫৯ রানের সেরা ইনিংস খেলেন। প্রথম ইনিংসে এখনও ১৫৩ রানে এগিয়ে মেট্রো।

আশরাফুল ৩ উইকেট নিয়ে মেট্রোর সবচেয়ে সফল বোলার। দুটি করে উইকেট নেন মোহাম্মদ শহীদ ও নিহাদুজ্জামান।