আগামী রবিবার কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে প্রোটিয়ারা। টেস্টে মুশফিকদের হোয়াইটওয়াশ করে একদিনের ক্রিকেটেও ফেভারিট তারাই। তারপরও স্বাগতিকদের সমীহ পাচ্ছে বাংলাদেশ। কারণ সাম্প্রতিক সফলতা। চ্যাম্পিয়নস ট্রফিতে সেমিফাইনাল খেলার অভিজ্ঞতা এই সিরিজে মাশরাফি মুর্তজাদের কিছুটা হলেও আত্মবিশ্বাসী করে তুলবে মনে করছেন তাহির। তাছাড়া টেস্টে বিশ্রামের পর দলে ফিরেছেন সাকিব আল হাসান। এটাও সতীর্থদের মাথায় রাখতে বললেন প্রোটিয়া স্পিনার।
ওয়ানডে সিরিজের অনুশীলন শেষে বাংলাদেশের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন তাহির। প্রতিপক্ষকে কোনোভাবে খাটো করে দেখছেন না ৩৮ বছর বয়সী এই তারকা স্পিনার, ‘তারা তাদের সামর্থ্যের প্রমাণ রেখেছে চ্যাম্পিয়নস ট্রফিতে। সেমিফাইনালে উঠেছিল তারা। লোকজন যতটা মনে করছে, ততটা সহজ হবে না তাদের হারানো। অন্য যে কোনও আন্তর্জাতিক ম্যাচের মতো যথেষ্ট প্রস্তুতি নিতে হবে আমাদের।’
সিরিজে দলের লক্ষ্য নিয়ে তাহির বলেছেন, ‘আমরা জিততে চাই। সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য হাতে তিনদিন আছে। আমাদের পুরোপুরি প্রস্তাত থাকতে হবে, আমরা আন্তর্জাতিক একটি দলকে খেলতে যাচ্ছি। মাঠে নামবেন এবং তাদের হারাবেন, সেটা মনে করা যাবে না। আমরা লড়তে চাই এবং জেতার জন্য সেরাটা দিয়ে খেলব।’ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ সূচি:
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম