‘এ’ দলের সহজ জয়

শিরোপা হাতে বাংলাদেশের ‘এ’ দলতৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছিল বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের ম্যাচের শেষ দিনে আয়ারল্যান্ড ‘এ’ দলকে সহজেই পাঁচ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ দিনে জয়ের জন্য ১০৫ রান প্রয়োজন ছিল বাংলাদেশের, হাতে ছিল আট উইকেট। দুই উইকেটে ২৭ রান নিয়ে শুরু করা স্বাগতিকদের জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান সাদমান ইসলাম এবং আল-আমিন।

দলীয় ৫৩ রানে আল-আমিনের (২৪) বিদায়ে ভেঙে যায় ৪৫ রানের তৃতীয় উইকেট জুটি। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাদমান এরপর বেশিক্ষণ টিকতে পারেননি, ফিরে আসেন ২৫ রান করে।

দলীয় ৬০ রানে চতুর্থ উইকেট পতনের পর ইয়াসির আলী ও নুরুল হাসানের ৭১ রানের জুটি জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেয় ‘এ’ দলকে। জয় থেকে এক রান দূরে থাকতে নুরুল ৩১ রান করে আউট হয়ে গেলেও ইয়াসির অপরাজিত ছিলেন ৪৭ রানে।

অফস্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইন চার উইকেট নিলেও অতিথিদের জয় এনে দিতে পারেননি।

বাংলাদেশ ‘এ’ দলের সামনে এবার ওয়ানডে মিশন। ১৭, ১৯, ২১, ২৪ ও ২৬ অক্টোবর কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দুই দল।