গত বছরের নভেম্বরে তামিমকে চিঠিটি লিখেছিল শাইয়ান। ইংরেজিতে লেখা চিঠিতে তামিমের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়েছিল সে। পেন্সিলে লেখা চিঠিতে শাইয়ান লিখেছে, ‘প্রিয় তামিম ইকবাল, আমি তাদওয়ার ইয়াজদান শায়ান। আপনি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। আমি আপনাকে পছন্দ করি। আপনার অনেক বড় ভক্ত।’ বন্ধুত্বের হাত বাড়িয়ে চিঠির পরের অংশে সে লিখেছে, ‘আপনি কি আমার বন্ধু হবেন? আমিও আপনার মতো হতে চাই। আমরা কি দেখা করে একসঙ্গে লাঞ্চ করতে পারি?’
ছোট্ট ভক্তের ভালোবাসায় আপ্লুত তামিম। ফেসবুকের ফ্যানপেজে শাইয়ানের চিঠির উত্তর দিতে গিয়ে এই ওপেনার লিখেছেন, ‘আমার মনে হয় ক্রিকেট সৃষ্টিকর্তার দারুণ সৃষ্টি। ক্রিকেট ভক্তরা তাদের দেশের প্রিয় ক্রিকেটারদের নিয়েই এমনটা ভাবেন। আমরা এমন সুন্দর ভক্তের জন্যই খেলি।’
হ্যামস্ট্রিং ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম। সোমবার সকালে ঢাকায়ও ফিরেছেন তিনি। চোট কাটিয়ে সুস্থ হতে প্রায় এক মাস সময় লাগবে তামিমের। এই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এই ওপেনার।