৫ ওভারের ম্যাচে শনিবার তরুণ দলের একমাত্র হার নিউজিল্যান্ডের বিপক্ষে। জিতেছে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলে পয়েন্ট টেবিলে এগিয়ে থেকে সেমিফাইনালে যেতে পারবে বাংলাদেশ। হারলে নানা সমীকরণে পড়তে হবে লাল-সবুজ জার্সিধারীদের।
হংকংয়ের কাউলুন ক্রিকেট ক্লাব মাঠে শনিবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। ওই ম্যাচে ৭ রানে জয় পায় সাইফ হাসানরা। প্রথমে ব্যাট করে ৯৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে থামে শ্রীলঙ্কার স্কোর। ১৫ বলে ৫টি করে চার ও ছক্কায় সাইফ সর্বোচ্চ ৫৫ রানের ইনিংস খেলেছেন।
তৃতীয় ম্যাচে আবার ছন্দ ফিরে পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামে তারা সেমিফাইনালের স্বপ্ন টিকিয়ে রাখতে। শেষ ওভারে আফিফ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ৬ রানের জয় পায়। অস্ট্রেলিয়ার জয়ের জন্য শেষ ওভারে প্রয়োজন ছিল ১৪ রানের। কিন্তু আফিফের করা ওভারে ৭ রানের বেশি নিতে পারেনি অসিরা। ২ উইকেটে ৮৮ রান করার পর অস্ট্রেলিয়াকে বাংলাদেশ বেধে দেয় ১ উইকেটে ৮২ রানে।
বাংলাদেশ ছাড়াও ওয়ার্ল্ড সিক্সেস টুর্নামেন্টে খেলছে স্বাগতিক হংকং, অস্ট্রেলিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা ও মেরিলিবোন ক্রিকেট ক্লাব।