শনিবার মিরপুরের একাডেমি মাঠে রংপুর রাইডার্সের সঙ্গে প্রথমবারের মতো অনুশীলন করেছেন মাশরাফি। অনুশীলনে বাংলাদেশের সফল অধিনায়ককে পেয়ে উচ্ছ্বসিত বোপারা। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘মাশরাফি এমন একজন ক্রিকেটার, যার সঙ্গে সবাই খেলতে চাইবে। মাশরাফি সবসময় নিজের শতভাগ উজাড় করে খেলেন। তার সঙ্গে খেললে আপনাকেও তাই করতে হবে। তিনি যে কোনও দলের জন্যই সম্পদ। মাশরাফি দুর্দান্ত ক্রিকেটার, তার বোলিং নিখুঁত, ব্যাট হাতে স্পিনারদের বিপক্ষে ভয়ঙ্কর। মাশরাফির সঙ্গে খেললে কারও নিষ্ক্রিয় থাকার উপায় নেই।’
এবার দারুণ শক্তিশালী দল গড়েছে রংপুর রাইডার্স। মাশরাফির নেতৃত্বে খেলবেন ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, স্যামুয়েল বদ্রি, থিসারা পেরেরা। স্থানীয়দের মধ্যে আছেন শাহরিয়ার নাফীস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রুবেল হোসেন।
পঞ্চম বিপিএলে জমজমাট লড়াইয়ে আশা জানিয়ে বোপারা বলেছেন, ‘বিপিএলের আগের আসরগুলোতে বড় মাপের ক্রিকেটাররা এসেছিল। বাংলাদেশে ক্রিকেট সব সময়ই জমজমাট হয়। আশা করছি, এবারও ব্যতিক্রম হবে না। প্রতিটি দলই দারুণ লড়াই করবে।’
২০১২ সালে বিপিএলের প্রথম আসরেই শুধু খেলেননি বোপারা, যদিও এই টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কখনোই তেমন ভালো করতে পারেননি। এবার মাশরাফির সতীর্থ হিসেবে বিপিএলে জ্বলে ওঠার প্রত্যয় তার কণ্ঠে।