কোহলির আরেকটি রেকর্ড

বিরাট কোহলিওয়ানডেতে আরেকটি রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি। কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষটিতে সবচেয়ে দ্রুততম ৯ হাজার রানের মালিক হলেন ভারতের অধিনায়ক।

গ্রিন পার্কে রবিবার কিউইদের বিপক্ষে আগে ব্যাট করতে নামে ভারত। শিখর ধাওয়ান ক্রিজ ছাড়ার পর দুই নম্বরে ব্যাট করতে নামেন কোহলি। ব্যক্তিগত ঝুলিতে ৮৩ রান করেই ছুঁয়ে ফেলেন ওয়ানডে ক্যারিয়ারের নতুন মাইলফলক। ২০০ ইনিংসেরও কম খেলে ৯ হাজার রান পূর্ণ করেন কোহলি, তার লেগেছে ১৯৪ ইনিংস। রোহিত শর্মার সঙ্গে ২৩০ রানের দুর্দান্ত এক জুটি গড়ার পথে করেছেন তিনি ৩২তম সেঞ্চুরি।

দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে (২০৫ ইনিংস) টপকে সবচেয়ে দ্রুততম সময়ে ৯ হাজার রানের ঘরে পৌঁছালেন কোহলি। গত জুনে চ্যাম্পিয়নস ট্রফিতে ডি ভিলিয়ার্সকে টপকে দ্রুততম ৮ হাজার রান করেন তিনি। এর আগে ৫ হাজার, ৬ হাজার ও ৭ হাজার রান সবচেয়ে কম সময়ে করলেও সেই রেকর্ডে তাকে পেছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। তবে এখনও কোহলির ৮ হাজার রানের (১৭৫ ইনিংস) রেকর্ড ভাঙতে পারেননি প্রোটিয়া তারকা, এজন্য তাকে ১৯ ইনিংসে করতে হবে ৬১৯ রান। ১৫৫ ইনিংসে আমলা করেছেন ৭ হাজার ৩৮১ রান।

টিম সাউদির বলে কোহলি থামেন ১১৩ রানে। ৪৭তম ওভারে দলকে ৩০২ রান এনে দিয়ে বিদায় নেন স্বাগতিক অধিনায়ক।