টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ১৪ রানে ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। সলোমন মায়ার, ক্রেইগ আরভিন ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে উল্লাসে মেতেছিল ক্যারিবীয় বোলাররা। কিন্তু দাঁড়িয়ে যান মাসাকাদজা ও মুর। চা বিরতি পর্যন্ত আর কোনও উইকেট না হারিয়ে স্বাগতিকরা করে ১৪৭ রান।
অবশ্য তৃতীয় সেশনের শুরুতে মুর উইকেট হারান। ১৫৫ বলে ৫২ রান করেন তিনি। ভাঙে ১৪২ রানের জুটি। মুর ফেরার পর ১৭০ বলে মাসাকাদজা ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি হাঁকানোর কিছুক্ষণ পর নামে বৃষ্টি। ১০১ রানে অপরাজিত ছিলেন মাসাকাদজা।
প্রথম দিন দুই উইকেট নিয়ে ক্যারিবীয়দের সবচেয়ে সফল বোলার কেমার রোচ।