ডাকিনীবিদ্যায় পাকিস্তানকে টেস্টে হারিয়েছিল শ্রীলঙ্কা!

দিনেশ চান্ডিমালআরব আমিরাতে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে দিয়েছিল শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজে তাদের হোয়াইটওয়াশ করে চমকে দিয়েছিল সাম্প্রতিক সময়ে ভুগতে থাকা লঙ্কানরা। ওই ঐতিহাসিক জয়ের পর গুজব ওঠে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী দায়াসিরিজ জয়াসেকারা টেস্ট সিরিজের আগে জাদুবিদ্যার সহায়তা নিয়েছিলেন। যদিও তিনি সেটা প্রত্যাখ্যান করেন। এর এক সপ্তাহ পর অধিনায়ক দিনেশ চান্ডিমাল জানালেন, ডাকিনীবিদ্যায় তারা পাকিস্তানের বিপক্ষে ওই চমকানো টেস্ট সিরিজ জিতেছিলেন।

২৭ বছর বয়সী চান্ডিমাল ওই টেস্ট সিরিজে সামনে থেকে অবদান রেখেছেন। আবুধাবিতে দলকে ২১ রানে জেতাতে অপরাজিত ১৫৫ রান করেছিলেন তিনি। দুবাইয়ে সিরিজ নির্ধারণী ম্যাচে ৬৮ রানে জিতেছিল শ্রীলঙ্কা, যেখানে ৬২ রান এসেছিল চান্ডিমালের ব্যাটে। এরপর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে শ্রীলঙ্কা, যেখানে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ছিল ১৯ রানের।

হঠাৎ করে দলের সঙ্গে তার ফর্ম পড়ে যাওয়ার রহস্য নিজেই জানালেন চান্ডিমাল, ‘আমি যে কারও কাছ থেকে আশীর্বাদ নিতে প্রস্তুত, সে পাদ্রী হোক কিংবা ডাকিনী। আপনার প্রতিভা থাকতে পারে, কিন্তু এই আশীর্বাদ ছাড়া আপনি সামনে এগোতে পারবেন না।’ চান্ডিমাল জানান, ওই ডাকিনী ছিলেন তার বন্ধুর মা।

শ্রীলঙ্কার তারকা খেলোয়াড়দের জ্যোতিষতত্ত্ব বা ডাকিনীবিদ্যায় বিশ্বাস থাকা নতুন কিছু নয়। দেশটির রাজনীতিবিদ ও ব্যবসায়ী নেতাদেরও আস্থা রয়েছে এতে। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে তার ব্যক্তিগত জ্যোতিষীর পরামর্শে জাতীয় নির্বাচন দুই বছর এগিয়ে এনেছিলেন। কিন্তু সফল হননি, মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে যান শোচনীয়ভাবে। এনডিটিভি, বিবিসি