সিলেটে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিন ক্যারিবিয়ান

স্যামুয়েল, ড্যারেন ও ডোয়াইন ব্রাভো (বাঁ থেকে)বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্যাম্পে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তিন ক্রিকেটার। মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান ম্যারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো ও ডোয়াইন ব্রাভো। পরদিন বুধবার সিলেটে ক্যাম্পে যোগ দেন এই তিন ক্যারিবিয়ান।

লম্বা যাত্রার ক্লান্তিতে প্রথমদিন অনুশীলনে ছিলেন না তারা তিনজন। বৃহস্পতিবার থেকে কোচ সালাউদ্দিনের অধীনে অনুশীলনে নামবেন তারা।

এছাড়া স্যামুয়েলস ও দুই ব্রাভোর সঙ্গে একই ফ্লাইটে সিলেট পৌঁছান বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় ফিরে একদিন বিশ্রাম নিয়েছেন তিনি।

এর আগে মঙ্গলবার আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবী ও রশিদ খান এবং ইংলিশ ক্রিকেটার জস বাটলার সিলেটে পৌঁছান। বুধবার তারা দলের সঙ্গে অনুশীলন করেছেন।

সিলেটে দুটি ম্যাচ খেলবে কুমিল্লা। তাদের প্রথম ম্যাচ ৫ নভেম্বর স্বাগতিক সিলেট সিক্সার্সের বিপক্ষে। পরের দিন প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের মুখোমুখি হবে কুমিল্লা। ইনজুরির কারণে প্রথম কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তামিম ইকবাল। তার জায়গায় অধিনায়কের দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স স্কোয়াড:

দেশি: তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল-আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক, রকিবুল হাসান।

বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, ডোয়াইন ব্রাভো, জস বাটলার, হাসান আলী, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কলিন মুনরো, ফখর জামান, সলোমন মায়ার, রুম্মন রইস।