নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে একটিতেও জিততে পারেনি ভারত। ৫টি হার ও অন্যটি হয়েছিল পরিত্যক্ত। তবে এই বাজে অভিজ্ঞতা এবার কাটিয়ে উঠলো ভারত। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার ২০ ওভারের লড়াইয়ে জিতলো তারা ৫৩ রানে। রবিবার দাপটের সঙ্গে জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। ৯ মাস পর জাতীয় দলে নেহরাকে ফিরিয়ে সম্মানের সাথে বিদায় দিলেন বিরাট কোহলিরা।
আগে ব্যাট করে ভারত ৩ উইকেটে করে ২০২ রান। জবাবে নিউজিল্যান্ড ১৪৯ রান করে ৮ উইকেট হারিয়ে।
প্রথম থেকে ট্রেন্ট বোল্ট ও টিম সাউদিদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার। নির্বিঘ্নে তাদের জুটিতে আসে ১০০ রান। তাদের জুটি শেষ পর্যন্ত নিউজিল্যান্ড ভাঙতে পারে ১৫৮ রানে। দলের ভিত গড়ে দিলেও তাদের আক্ষেপ থেকে যায় সেঞ্চুরি না পাওয়ার। ৫৫ বলে ৬ চার ও ৪ ছয়ে ৮০ রান করেন রোহিত। ধাওয়ান সমান ৮০ রান করেছেন ৫২ বল খেলে। তার ইনিংসে রয়েছে ১০ চার ও ২ ছয়।
নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট নেন ইশ সোধি।
জবাব দিতে নেমে ১৮ রানে ২ উইকেট হারানোর ধাক্কা নিউজিল্যান্ড সামাল দিতে পারেনি। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে টম ল্যাথামের ৩৬ রানের জুটিটা কিছুটা প্রতিরোধ গড়েছিল। কিন্তু ২৮ রানের মধ্যে আরও ৫ উইকেট হারায় তারা। শেষদিকে এসে মিচেল স্যান্টনার ও সোধির অপরাজিত ৩৮ রানের জুটি হারের ব্যবধান কিছুটা কমাতে সহায়তা করে। সর্বোচ্চ ৩৯ রান করেন ল্যাথাম।
ক্যারিয়ারের ১৭ টেস্টে সর্বশেষটি নেহরা খেলেছিলেন ২০০৪ সালে। লাল বলের ক্রিকেটে নিয়েছেন ৪৪ উইকেট। ১২০ ওয়ানডে খেলে শিকার করেছেন ১৫৭ উইকেট। ৩৪ উইকেট পেয়েছেন ২৭ টি-টোয়েন্টিতে।